এক নজরে
যা পেলাম, তা কোটি টাকার বেশি

ভেবে দেখুন তো, ছবিতে ঢাকাই নায়ক-নায়িকাদের পারিশ্রমিক কত হতে পারে? তবে মাহি যা দাবি করলেন, তাতে আপনার হিসাবের দৌড়টা থেমে যাবে! কারণ চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, একটি ছবিতে কাজ করে তিনি যা পেয়েছেন, তা কোটি টাকার বেশি! আর ছবিটি হলো হুভমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত কৃষ্ণপক্ষ। মেহের আফরোজ শাওন পরিচালিত এ ছবিতে অভিনয় করেই তিনি এ কথা বলেন।
মাহি বলেন, ‘যখন ছবিটির জন্য চ্যানেল আই থেকে ডাকা হলো, জানতাম না কেন ডাকা হচ্ছে। পরে জানতে পারি ডাকার কারণ, কৃষ্ণপক্ষ ছবিতে অভিনয় করতে হবে। আমি আসলে কী করেছি, এটা এখন বুঝতে পারছি। এতে আমার পারিশ্রমিক কত জানেন? ১ কোটি টাকা! না, না, আরও অনেক বেশি! এর জন্য আমি ৩০ দিন কাজ করেছি। কিন্তু যে ভালোবাসা পেয়েছি তার মূল্য কোটি টাকার বেশি!’
সম্প্রতি একটি ভিডিওতে ফেসবুক বন্ধুদের জন্য এভাবেই বললেন মাহি।

সাবিলার প্রথম চার ঘুঁটি
‘আরে ভাই ঘুঁটি খেলা জীবনে দেখেছি নাকি? যে আমাকে শেখাতে আসে, কিছুক্ষণ পর আমাকে হারিয়ে দেয়! মার্বেলেও একই অবস্থা।’ বললেন সাবিলা নূর। নতুন একটি নাটকে অভিনয় কেরছেন এই অভিনয়শিল্পী। আর শহরে বড় হওয়া সাবিলার জন্য গ্রামের অনেক কিছুই নতুন! সেখানে ‘চার ঘুঁটি’ খেলা শিখতে হয়েছে তাঁকে। আর এতেই বিপত্তি। হ্যাঁ, নতুন একটি নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা তিনি। কবিগুরুর ‘সমাপ্তি’ গল্প অবলম্বনে তৈরি এই নাটকে তার নাম ‘মৃন্ময়ী’। তাহলে ঘুঁটি খেলায় কী হলো? বিজয়ের হাসি দিয়ে বললেন, ‘পরে জিতেছি। চিটিং করেছিলাম!’