২০১৬: বিশ্বসংগীতে এক নজরে পুরো বছর

শেষ হতে চলল ২০১৬ সাল। ক্যালেন্ডারের ফাঁক দিয়ে এরই মধ্যে উঁকি দিচ্ছে আনকোরা আরেকটি বছর। সংগীতপ্রেমীদের ২০১৬ সাল কেটেছে অনেকটা টক-মিষ্টি-ঝালের মতো। পুরো বছরটাতেই নানা ঘটনা আর দুর্ঘটনায় গানের দুনিয়া ছিল সরগরম। অনেক প্রিয় তারকা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অনেক নতুন শিল্পীও উঠে এসেছেন আলোচনায়। নতুন গান উপহার দিয়ে জনপ্রিয়তায় ফিরেছেন অনেক তারকা। এই বছরের আলোচিত সেসব টুকরো ঘটনায় সাজানো আজকের আয়োজন।
হারানো তারকারা
২০১৬ সালকে বলাই যায় নক্ষত্র হারানোর বছর। বছরের শুরু থেকে শেষ অবধি বিদায়ের মিছিলে যোগ হয়েছে সংগীত দুনিয়ার অজস্র নামী, গুণী তারকার নাম। জানুয়ারিতে পৃথিবী ছেড়েছেন সত্তরের দশকের বিখ্যাত শিল্পী ডেভিড বাউয়ি। আশির দশকে দর্শককে বুঁদ করে রাখা প্রিন্সও বিদায় নিয়েছেন এ বছরের এপ্রিলে। শুধু গান নয়, তার সঙ্গে ব্যক্তিত্ব আর ফ্যাশন মিলে এই দুই শিল্পী পাল্টে দিয়েছিলেন সংগীতের গৎবাঁধা ধারণা। নভেম্বর মাসে বিদায় নিয়েছেন নন্দিত শিল্পকর্মের স্রষ্টা কানাডার বিখ্যাত গায়ক, গীতিকার ও কবি লিওনার্ড কোহেন। আর বছরের একদম শেষে আমরা হারিয়েছি প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেলকে। ‘কেয়ারলেস হুইসপার’, ‘ওয়ানমোর ট্রাই’সহ অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়ে গেছেন দর্শকদের।

এলেন, দেখলেন, জয়...
২০১৬ সালে অনেক নতুন শিল্পীর দেখা পেয়েছে সংগীত দুনিয়া, তার মধ্যে কেউ কেউ হতাশ করেছেন, আবার কেউ প্রতিভার ঝলক দিয়ে উঠে এসেছেন আলোচনায়! এই যে জেমস বে-র কথা ধরুন! এলাম, দেখলাম, জয় করলাম এভাবে তিনি বলতেই পারেন! পারবেন নাই-বা কেন? এর মধ্যেই এবারের গ্র্যামিতে তিনি মনোনয়ন পেয়েছেন তিনটি বিভাগে। সেরা নতুনদের এই তালিকায় আরও আছেন জেইন, হামিশ অ্যান্ডারসন, মার্গো প্রাইস, মাডি ম্যাগনোলিয়া।
কার আয় কত বেশি
‘ব্ল্যাক স্পেস’খ্যাত গায়িকা টেইলর সুইফট খালি জায়গা খুঁজতেই পারেন টাকা রাখার জন্য! কারণ এই তালিকার একদম প্রথম স্থানটা বহাল তবিয়তে দখলে নিয়েছেন তিনিই। তাঁর মোট আয়ের পরিমাণ ১৭০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সমান! ভাবুন দেখি! শুধু সংগীতেই না, এই মুহূর্তে বিনোদনের যেকোনো মাধ্যমে সবচেয়ে বেশি আয় একমাত্র তাঁরই। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন আমেরিকার ব্যান্ডদল ওয়ান ডিরেকশন ও যুক্তরাজ্যের গায়িকা অ্যাডেল।
ঘটনার ঘনঘটা
২০১৬ সালটা বেশ ঘটনাবহুল ছিল, এমনটা বলাই যায়! তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কিংবদন্তি গায়ক বব ডিলানের সাহিত্যে নোবেল পাওয়াকে ঘিরে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়ক এবং গীতিকার বব ডিলানকে নোবেল বিজয়ী ঘোষণার পর থেকেই সংগীত জগৎ মেতেছিল আলোচনায়। তারপরে নোবেল কমিটির সঙ্গে বব ডিলানের লুকোচুরি খেলা নিয়েও আলোচনা কম হয়নি।
ফিরলেন যাঁরা
চলতি বছর অনেক শিল্পী নতুন অ্যালবাম দিয়ে আবার জনপ্রিয়তায় ফিরেছেন। এই তালিকায় প্রথমেই থাকবে কুইন বি বলে পরিচিত বিয়ন্সের নাম! নতুন অ্যালবাম লেমোনেড দিয়ে তিনি আবার বসেছেন রানির আসনে। এ বছর নতুন গান দিয়ে আরও আলোচনায় এসেছেন ড্রেক, রিহানা, চান্স দ্য র্যাপার, জাস্টিন বিবার। এ ছাড়া কোটি সংগীতপ্রেমীর স্বপ্ন সত্যি করে যুক্তরাষ্ট্রের হার্ড রক ব্যান্ড গানস এন রোজেসে সব তারকা আবার একসঙ্গে ফিরেছেন ব্যান্ডে।
নাজিয়া শারমিন
বিলবোর্ড, ইয়াহু মিউজিক, রোলিংস্টোন অবলম্বনে