পাড়ার সেরা সুন্দরী মেয়েটি আপনার সাদামাটা পোশাকের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলে আপনি কী করতেন? মনে মনে গাল দিতেন, ঘরে বসে মন খারাপ করতেন, অথবা তাঁর সঙ্গে ঝগড়া বাধিয়ে বসতেন। মেয়েটিকে ব্যঙ্গ করে গান লেখার বুদ্ধি কি মাথায় আসত? আর লিখলেও কি সেই গান সারা বিশ্বে লাখ লাখ কপি বিক্রি হতো? মনে হয় না। এখানেই টেইলর সুইফটের ক্যারিশমা। তাঁর গিটারের সুরে বাঁধা পড়ে নিজের জীবনেরই অভিজ্ঞতা, অনুভূতির কথা। আর সেসব গান শুনে তাবত্ শ্রোতারই মনে হয়—আরে, এ তো একদম আমারই কথা! সুইফটও জানেন সেটা, ‘আগে আমি এত ব্যক্তিগত কথা গানে লিখতে দ্বিধায় ভুগতাম। কিন্তু দেখলাম, আমার গানগুলো যতই ব্যক্তিগত হচ্ছে—ততই তা শ্রোতার আরও কাছে পৌঁছে যাচ্ছে।’ তার প্রমাণ অবশ্য হাতের নাগালেই আছে। ২০০৬ সালে মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম টেইলর সুইফট, ২০০৮-এ বাজারে আসে ফিয়ারলেস। বছর শেষে অ্যালবামগুলোর বিক্রি ছাড়িয়ে গেছে প্রায় ১০ মিলিয়ন। আর বিলবোর্ডের তালিকাতেও বছরের সেরা শিল্পীর নাম টেইলর সুইফট। বছর শেষে নানা অ্যাওয়ার্ড মিলিয়ে মোট ৩০টি নিজের করে নিয়েছেন। সামনের বছরটাও বোধ হয় তাঁকে অ্যাওয়ার্ড হাতে বেশ কয়েকবার হাসতে দেখা যাবে। ‘সেরা গান’, ‘সেরা অ্যালবাম’সহ মোট আটটি গ্র্যামি মনোনয়ন তো পেয়েই গেছেন। তাঁর আগে আছেন শুধু বিয়োন্সে, ১০টি মনোনয়ন নিয়ে। কান্ট্রি মিউজিকের তারকা টেইলর সুইফট এখন সব ধরনের গানের শিল্পীদের মধ্যেই সেরা তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন।গত বছরটা যেন কেটেছে স্বপ্নের মতো। তবে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের কয়েকটা মুহূর্ত যেন দুঃস্বপ্ন। ‘ইউ বিলং উইথ মি’ গানের জন্য সেরা ভিডিও/নারী বিভাগে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন সুইফট। হঠাত্ সংগীতশিল্পী কেনিয়া ওয়েস্টের মাথায় কী যেন ভর করল। মঞ্চে উঠে এসে সুইফটের হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিলেন। ‘সিঙ্গল লেডিস’ ভিডিওর জন্য অ্যাওয়ার্ডটা নাকি বিয়েন্সেরই পাওনা। ওদিকে দর্শকেরা তখন দুয়ো দিতে শুরু করেছে ওয়েস্টকে। হতভম্ব সুইফট আর কোনো কথাই বলতে পারেননি। পরে ‘সিঙ্গল লেডিস’-এর জন্য সেরা ভিডিও অ্যাওয়ার্ড পান বিয়োন্সে। মঞ্চে উঠে তিনি ডেকে নেন সুইফটকে। তখন ভক্তদের ধন্যবাদ জানান সুইফট। এ ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামাও নিন্দা জানান। কেনিয়া ওয়েস্ট অবশ্য পরে সুইফটের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।২০১০ সালটা সুইফটকে দিতে পারে অন্য রকম কোনো অর্জন। এবার তাঁকে অভিনয় করতে দেখা যাবে ভ্যালেন্টাইনস ডে নামের একটি ছবিতে। ‘নিউমুন’ খ্যাত অভিনেতা টেইলর লটনারও অভিনয় করছেন এতে। বছরের শেষ দিকে এই দুই টেইলরের সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছে অনেক। তবে এখন নাকি সেসব শুধু স্মৃতি। কোনো টেইলরই অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেননি।২০০৮ সালে জোনস ব্রাদারস ব্র্যান্ডের সদস্য জো জোনাসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ফিয়ারলেস অ্যালবামের ‘ফরএভার অ্যান্ড অলওয়েজ’ গানটা লিখেছিলেন সুইফট। এবারও তাই এরকম আরও একটা গানের অপেক্ষা করতেই পারেন সুইফটের ভক্তরা। রুহিনা তাসকিন, তথ্যসূত্র: ওয়েবসাইট