এক নাটকে তিন দেশের শিল্পী
বাংলাদেশ, হংকং ও ফিলিপাইনের তিনজন শিল্পী অভিনয় করছেন হু’জ ইন কন্ট্রোল নাটকে। এই শিল্পীরা হলেন—বাংলাদেশের শামীমা শওকত, হংকংয়ের এন জি ম্যান কেই ও ফিলিপাইনের এ এন জে হেরুয়েল। শামীমা আরণ্যকের সঙ্গে জড়িত আছেন ১৬ বছর। পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালসের (পেটা) সঙ্গে জড়িত আছেন হেরুয়েল। আর কেই জড়িত হংকং পিপলস থিয়েটার ফেস্টিভাল সোসাইটির সঙ্গে। আজ নাটকটির প্রথম প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। শামীমা জানান, নাটকের গল্পটি তাঁরা তিনজন মিলে তৈরি করেছেন। আর নির্দেশনাও দিচ্ছেন নিজেরাই। নাটকের কাহিনি নির্বাচনের ব্যাপারে বললেন, ‘এমন একটা বিষয় বেছে নিয়েছি, যার সঙ্গে বিশ্বের যেকোনো দেশের অধিবাসীরা নিজেদের জড়াতে পারবে। মনে হবে, এটা তারই কথা।’জানা গেছে, আজ নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রথমটি সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে, পরেরটি রাত আটটায়। ১৭ মে হবে চট্টগ্রামে। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে আছেন ফয়েজ জহির।