এক নাটকে তিন ভূমিকায় ফারজানা ছবি
এক নাটকে তিন ভূমিকায় অভিনয় করলেন অভিনেত্রী ফারজানা ছবি। নাটকের নাম দহন ৭১। পরিচালনা করেছেন আবু তৌহিদ। সম্প্রতি মানিকগঞ্জ ও টাঙ্গাইলে নাটকটির শুটিং শেষ করেছেন তিনি।নাটকে তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘দহন ৭১ নাটকে আমাকে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করতে হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা, তার আগে ও পরের সময়ের তিনটি অবস্থায় আমাকে দেখানো হয়েছে। এখানে আমাকে প্রথমে ১৫-১৬ বয়সী কিশোরী, এরপর ২৫ বছর বয়সী তরুণী ও সবশেষে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে হয়েছে।’ তিনি বলেন, ‘অনেক দিন মনে রাখার মতো একটি নাটকে অভিনয় করলাম।’ফারজানা ছবি আরও বলেন, ‘আমি সব সময় নাটকে অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। দহন ৭১ নাটকে অভিনয় করতে চরিত্র তিনটি ফুটিয়ে তুলতে সেই রকমই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। তাই কাজটি করেও আমার বেশ ভালো লেগেছে।’দহন ৭১ ছাড়া ফারজানা ছবি আরও বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ শেষ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মাহাথীর বন্ধনের ‘ঋ-হীন’ ও শাহজাদা মামুনের ‘কে হায় হূদয় খুঁড়ে...’।এক ঘণ্টার নাটক ছাড়া বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছেন ছবি, যেগুলো খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ধারাবাহিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে ‘কাদামাটির মানুষেরা’, ‘পূর্বা’, ‘নাগর আলী কুমকুম’, ‘স্বপ্নপোড়া মানুষ’, ‘রঙিন ফানুশ’, ‘জোনাকি’ ও ‘কাজী সাহেবের তিন পুত্র’।এ ছাড়া খুব শিগগিরই মান্নান হীরার পরিচালনায় অনুদানের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলেও জানান ছবি। চলচ্চিত্রটির নাম ‘আগুনের ছায়া’।