এক নাটকে দুই কথাবন্ধু
কথাবন্ধু হিসেবে কাজ করার পাশাপাশি নিয়মিত নীরব ও সায়েম টিভি অনুষ্ঠানও উপস্থাপনা করেন। এ ছাড়া ভালো গল্প এবং পরিচালক হলে টিভি নাটকেও কাজ করেন তাঁরা। আলাদাভাবে বেশ কয়েকটি নাটকে কাজ করলেও এক সঙ্গে কোনো নাটকে কাজ করা হয়নি এঁদের দুজনের। এবারই প্রথম একসঙ্গে টিভি নাটকে অভিনয় করছেন এই দুই কথাবন্ধু। এক ঘণ্টার এ নাটকের নাম হাসো আনলিমিটেড। পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। গত রোববার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে।নাটকটি গল্প গড়ে উঠেছে একটি বাড়ির মধ্যে দুই দিনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে।নাটকে অভিনয় প্রসঙ্গে নীরব বলেন, নাটক ইদানীং একদমই করা হয় না। আপাতত চলচ্চিত্র নিয়েই ভাবছি। কিন্তু পরিচালকের অনুরোধের কারণেই নাটকটিতে কাজ করা। কাজ করতে যেয়ে গল্পটিও ভালো লেগেছে।এদিকে সায়েম বলেন, ‘আমি আর নীরব একসঙ্গে অনেকগুলো টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও এবারই প্রথম একসঙ্গে টিভি নাটকে কাজ করছি। এখানে আমাকে উপস্থাপক হিসেবেই দেখানো হবে। আর নাটকে নীরব থাকবে আমার অনুষ্ঠানের অতিথি হিসেবে।’সায়েম এও বলেন, ‘খুব মজার একটি নাটক। আশা করছি সবারই ভালো লাগবে।’সায়েম ও নীরব ছাড়া হাসো আনলিমিটেড নাটকে একই সঙ্গে অভিনয় করছেন বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী অহনা এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন।