এক নাটকে দুই বিদেশি মাফিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোঙর নামের একটি ধারাবাহিক নাটকে দুজন বিদেশি শিল্পী অভিনয় করলেন। নাটকে তাঁদের মাফিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। এঁদের একজন ফ্রান্সের মিকা ও অন্যজন সুইডেনের অ্যামান্ডা উইরটেন। সোহেব আলম ও আতিক রহমানের পরিচালনার নাটকটিতে এই দুজনকে মাফিয়ার প্রতিনিধির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নিজ চরিত্র সম্পর্কে অ্যামান্ডা বললেন, নাটকটি মূলত ঢাকা থেকে প্রত্নবস্তু পাচারে জড়িত চোরদের নিয়ে। ঢাকায় এ কাজে জড়িতদের প্রধান হলেন জেফারসন নামের একজন বিদেশি। এক সময় গোয়েন্দা বাহিনীর হাতে তাঁদের ঢাকার অফিসের ক্ষতি হয়। তখন জেফারসন দায়িত্ব ছেড়ে মোশারফ নামের একজনের গ্রামের বাড়িতে আশ্রয় নেন। ঢাকায় অবস্থা স্বাভাবিক হলে জেফারসনকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়। কিন্তু জেফারসন তাতে আর রাজি হননি। তখন জেফারসনকে মারার জন্য বিদেশ থেকে আমাকে পাঠানো হয়। আমি জেফারসনকে আশ্রয় দেওয়া মোশারফকে ঢাকা অফিসের প্রধান বানিয়ে দেওয়ার শর্তে তাঁকে দিয়ে হত্যার পরিকল্পনটা করি। তারপর আমি নিজেও বাংলাদেশ ত্যাগ করি।নাটকে অভিনয় প্রসঙ্গে অ্যামান্ডা বলেন, বাংলাদেশের কোনো নাটকে অভিনয় করার আমার দীর্ঘদিনের শখ ছিল। গল্পটা শুনে রাজি হয়ে যাই। এভাবেই অভিনয় করা হয়ে গেল। উল্লেখ্য, অ্যামান্ডা সুইডেনের একটি এনজিও সংস্থার হয়ে বাংলাদেশে ছয় মাসের জন্য স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে এসেছেন।আর মিকা বলেন, বাংলাদেশে আমি টুকটাক অভিনয় করেছি ও করছি। গল্পটা ভালো লাগায় কাজে রাজি হই। এ নাটকে আমি বাংলাদেশের অনেক বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।