এক নাটকে পাঁচ লাক্স সুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি নাটকে একসঙ্গে কাজ করছেন পাঁচজন লাক্স সুন্দরী। এঁরা হলেন—২০০৯ সালের তাহসিন এবং ২০১০ সালের মৌসুমী, টয়া, নিশা ও মাশিয়াত। নাটকের নাম ‘ভার্সিটি’। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নানা ঘটনা নিয়ে নিয়ে নাটকের কাহিনি গড়ে উঠেছে। গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। শুভাশিষ সিনহার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা ওয়াহিদ আনাম। নাটকে অভিনয় প্রসঙ্গে নিশা বলেন, ‘এটি আমার দ্বিতীয় ধারাবাহিক নাটক। এর আগে আমি ক্রিকেট নিয়ে নির্মিত একটি ধারাবাহিকে কাজ করেছিলাম। এবারের নাটকটির গল্প একেবারে ভিন্ন ধরনের। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের নানা টানাপোড়েনের গল্প নিয়েই রচিত হয়েছে ভার্সিটি।’ মাশিয়াত বলেন, ‘লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার সময় ক্যাম্পে একসঙ্গে আমরা অনেক মজা করেছি। অনুষ্ঠান শেষে আমাদের অনেকেরই সঙ্গে অনেক দিন কোনো দেখা নেই। নাটকের সুবাদে আবার আমরা একত্র হলাম। এটাও একধরনের ভালোলাগা। সবকিছু মিলে খুব মজা করে আমরা কাজটা করছি।’পরিচালক ওয়াহিদ আনাম বললেন, ‘এটি আমার প্রথম ধারাবাহিক নাটক। এর আগে আমি অভিবাসন সমস্যা নিয়ে একটি নাটকে কাজ করেছিলাম। সেটি ছিল খণ্ড নাটক এবং কাজ করেছিলাম নিউইয়র্কে।’ তিনি এও বলেন, ‘আমার এবারের নাটকটি ছাত্ররাজনীতি নিয়ে। যার গল্পটা আমাদের সবারই জানা রয়েছে। এ নাটকটির মাধ্যমে আমি ছাত্ররাজনীতির নানা দিক তুলে ধরার চেষ্টা করব।’পরিচালক সূত্রে আরও জানা গেছে, নাটকটি ২৮ অথবা ৩০ পর্বে শেষ করা হবে।ভার্সিটি নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—শাহেদ শরীফ খান, শহীদুল আলম সাচ্চু, মিশু সাব্বির, নাঈম, সোহেল খানসহ আরও অনেকে।