এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দায়বন্ধন’। এটি রচনা করেছেন সমরেশ মজুমদার, পরিচালনা করেছেন ফাল্গুনী হামিদ। এতে অভিনয় করেছেন তনিমা হামিদ। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো সম্প্রতি মা হয়েছেন। কেমন লাগছে?এ অনুভূতি মুখে বলে শেষ করা যাবে না। ওকে যত দেখছি, ততই মন ভরে যাচ্ছে। এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে পুরো পৃথিবীটা দিয়ে দিই ওকে। ও তো আমারই একটা অংশ!এখন কোথায় আছেন?হাসপাতালেই আছি। আমার ছেলে হয়েছে ৬ মার্চ। অস্ত্রোপচারের মাধ্যমে হয়েছে। আমার স্বামী ডালিমও এখানে আছেন। চিকিত্সকের সঙ্গে কথা হয়েছে। আজ-কালের মধ্যেই বাসায় যাওয়ার অনুমতি দেবেন।ছেলের নাম চূড়ান্ত করেছেন?বাসায় গিয়েই সব হবে। তবে আমার মা আদর করে ডাকছেন স্বপ্ন নামে। হয়তো এটাই থেকে যাবে।আজ তো আপনার অভিনীত ‘দায়বন্ধন’ ধারাবাহিকটি দেখানো হবে।হ্যাঁ, নাটকটির গল্প এখন ক্রমেই শেষের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজে যে দায়িত্বগুলো সবাইকে পালন করতে হয়, তা-ই দেখানো হয়েছে। এই যেমন বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক। ছোটবেলা আমার মা মারা যান। কিন্তু আমার কথা ভেবে বাবা আর বিয়ে করেননি। এত দিন আমিই তাঁর দেখাশোনা করেছি। এখন আমার বিয়ে হবে। দূরে চলে যাব। বাবার দায়িত্ব অন্য কাউকে দেওয়ার কথা ভাবছি।নাটকটির কাজের কী খবর?এরই মধ্যে সব কাজ শেষ হয়েছে। আমি তো তিন মাস একেবারেই কিছু করতে পারিনি। মা নিজেই যেহেতু পরিচালনা করেছেন, তিনি আমার অংশগুলো আগেই করিয়ে রেখেছেন।এ নাটকে কাজ করার একটা মজার অভিজ্ঞতার কথা বলুন।কাজ শুরুর পর থেকে নাটকটির প্রচার শেষ হওয়ার আগেই কয়েকজন শিল্পী মা-বাবা হয়েছি; যেমন আমি, ঈশিতা, শাহেদ, জয়। এ সময়ের মধ্যে বিয়ে করেছেন নাদিয়া। সবাই কিন্তু দায়বন্ধন ধারাবাহিকেরই শিল্পী।এরপর আবার কবে কাজ করবেন?সরাসরি অভিনয় করতে হয়তো একটু সময় লাগবে। আমাদের তো একটা প্রযোজনা-প্রতিষ্ঠান আছে, ওখানে সময় দেব। নতুন কাজের পরিকল্পনা করব। বিনোদন প্রতিবেদক