এক নির্ঝরের ১০১টা গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল করিম নির্ঝর
এনামুল করিম নির্ঝর

‘মনের ওজন’, ‘গোপন কথাটা রাখছি পকেটে’, ‘ক্রীতদাসী’, ‘হয় কিংবা না হয়’, ‘বৃষ্টি তোমার চোখের পানি’, ‘বারান্দা উড়ে গেল’, ‘ফসকে যাওয়া সুযোগ’, ‘আমি’, ‘তিল থেকে তাল’, ‘নিয়মিত সংঘাতে’, ‘গোপন কথা গোপন বাক্সে’, ‘বিষধর সাপ’, ‘ফাঁকা বালিশ’, ‘যেহেতু সরাসরি পারব না বলতে’, ‘আবছা ছায়া’, ‘১০০ বস্তা’, ‘মা ছাড়া প্রথম’, ‘বারান্দাতে রোদ পড়েছে’, ‘হায় হায় চাঁদমামা’, ‘ভিড়ের ভেতর’, ‘শাড়ির পারে খড়কুটো’, ‘যাদের কথা ছিল’, ‘নূপুরে নূপুরে হালকা যুদ্ধ’, ‘অংশবিশেষ’, ‘রূপের আয়না, ‘মনে মনে অনুমানে’—মাত্র কয়েকটি গানের শিরোনাম। এক নির্ঝরের গান অ্যালবামে রয়েছে এমনই ১০১টি গান।
সব কটি গানের গীতিকার ও সুরকার এনামুল করিম নির্ঝর। তিনি স্থপতি। চলচ্চিত্র তৈরি করেছেন। তাঁর খুব আলোচিত ছবি আহা!। তিনি গানও লেখেন, সুর করেন। আহা! ছবিতে তাঁর লেখা ‘লুকোচুরি’ গানটি এখনো দারুণ জনপ্রিয়।
এক নির্ঝরের গান অ্যালবামের গানগুলো নিয়ে নির্ঝর বললেন, ‘এক নির্ঝরের গান অ্যালবামের প্রতিটি গানে আলাদা আলাদা গল্প আছে। যিনি শুনবেন, তিনি চোখ বুজলে একটি ছবি দেখতে পাবেন।’
১০১টি গান নিয়ে অ্যালবাম তৈরির ভাবনা কীভাবে হলো? নির্ঝর বললেন, ‘গান লিখছি অনেক বছর হলো। সেই ছোটবেলা থেকে। তবে সবাই জানতে পেরেছে ২০০৭ সালে। ওই বছর আমার আহা! ছবিটি মুক্তি পায়। আমার অজস্র গান জমে আছে। ভাবছি, এখন থেকে প্রতিবছর শ্রোতাদের হাতে ১০১টি সমকালীন নতুন গান তুলে দিতে পারব।’
আহা!র পর আরও একটি ছবি তৈরি করেন নির্ঝর। নাম নমুনা। ছবিতে নির্ঝরের লেখা গানগুলো শুনেছেন অসংখ্য শ্রোতা। নির্ঝর বলেন, ‘আমি কিন্তু কলকাতার একটি ছবিতেও গান লিখেছি। নাম শুকনো লঙ্কা।’
এক নির্ঝরের গান অ্যালবামের কাজ হয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে। গানগুলোর সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু, সজীব, রোকন ইমন, লাবিক কামাল, নির্ঝর চৌধুরী, লিমন, মুন, অর্ক ও শান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ৪২ জন সংগীতশিল্পী। তাঁদের মধ্যে আছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, নকিব খান, শাফিন আহমেদ, শম্পা রেজা, চন্দনা মজুমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, অর্ণব, কনা, মিলন মাহমুদ, গাউসুল আলম, নবনীতা চৌধুরী, কৌশিক হোসেন, দিনাত জাহান, সোহিনী আলম, কোনাল, মাহাদি, শুভ, সভ্যতা প্রমুখ।

.
.

এক নির্ঝরের গান অ্যালবামটি প্রকাশ করছে গানশালা। প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী এম এ মারুফ বলেন, ‘১২ জুন সন্ধ্যায় এক নির্ঝরের গান অ্যালবামটি ডিজিটাল প্রযুক্তিতে প্রকাশ করা হচ্ছে। এখন গানশালার নিজস্ব ওয়েবসাইটে (www.gaanshala.com) পাওয়া যাবে গানগুলো। পাওয়া যাবে কাইনেটিক মিউজিকসহ অন্যান্য আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফরমেও। কাইনেটিক মিউজিকের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সব অনলাইন থেকে যে কেউ ভিসা, মাস্টারকার্ড এবং বিকাশের মাধ্যমে গানগুলো সংগ্রহ করতে পারবেন।’
এম এ মারুফ জানান, ঈদের আগে অ্যালবামটি অডিও সিডি আকারে প্রকাশ করা হবে। অডিও সিডি আকারে তৈরি এক নির্ঝরের গান অ্যালবামটি সারা দেশে বিক্রি করবে প্রথমা ও রকমারি ডটকম।
নির্ঝর বলেন, ‘এক নির্ঝরের গান অ্যালবামের যখন কাজ শুরু হয়, তখন আমার সঙ্গে ছিলেন ফোয়াদ নাসের বাবু, ফাহমিদা নবী ও সজীব। এরপর অনেক শিল্পী যুক্ত হয়েছেন। সামনে এই অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে আরও অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই অ্যালবামের মধ্য দিয়ে আমি চেষ্টা করব শিল্পীদের সম্মান ও যথাযথ সম্মানী দিতে। আর তা হবে স্বচ্ছতার সঙ্গে।’
তিনি জানান, এক নির্ঝরের গান অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে ১২ জুন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুধু গান নয়, দুই ঘণ্টার অনুষ্ঠানটি সাজানো হয়েছে থিয়েট্রিক্যাল মিউজিক আঙ্গিকে। এখানে থাকবে একজন শিল্পীর জীবন, তাঁর স্বপ্ন, প্রত্যাশা আর বেদনার গল্প। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।
এদিকে এবিসি রেডিও সূত্রে জানা গেছে, ১৩ জুন সারা দিন এবিসি রেডিওতে শ্রোতারা এক নির্ঝরের গান অ্যালবামের গানগুলো শুনতে পাবেন।