এক নির্দেশকের নাটক নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ২৮ বছর পূর্তি ও রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ২৮ বছর পূর্তি ও রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

উৎসবের সাজ জাতীয় নাট্যশালার ভেতরে-বাইরে। তরুণ কর্মীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। অনেক তরুণের মাঝে একজন ‘তরুণের’ ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তিনি গোলাম সারোয়ার!
কয়েক বছর আগে শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগ থেকে অবসরে গেছেন তিনি। এখন সামনের সারিতে বসে যে মানুষটির ভাবগম্ভীর হয়ে মঞ্চের দিকে মগ্ন থাকার কথা, কিন্তু ব্যতিক্রম তিনি। কথা বলারও সময় নেই। আর হবেনই বা কী করে, তাঁর নির্দেশিত সাতটি নাটক নিয়ে তাঁর নাট্যদল নাট্যচক্রের আয়োজনে শুরু হয়েছে ‘সপ্তবর্ণা নাট্যোৎসব’। অতিথিদের এগিয়ে নেওয়া, সবাইকে তথ্য দেওয়া—এসব নিয়েই তিনি ব্যস্ত ছিলেন।
নাটকের মানুষ গোলাম সারোয়ারের কর্মচাঞ্চল্যের মধ্য দিয়ে গতকাল শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঙ্গলপ্রদীপে সাত শিখা প্রজ্বালন করে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানে নাট্যচক্রের সভাপতি ম হামিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গোলাম সারোয়ার।

একশ’ বস্তা চাল নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
একশ’ বস্তা চাল নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের যৌথ প্রযোজনা একশ বস্তা চাল। জাপানি নাট্যকার ইয়োজো ইয়ামামোতোর মূল রচনা অবলম্বনে নাটকটি অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম। আজ রোববার একই মঞ্চে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ঘরজামাই। এ ছাড়া কাল সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যথাক্রমে মঞ্চস্থ হবে নান্দনিক নাট্য সম্প্রদায়ের ক্লিওপেট্রা, উত্তরা কালচারাল সোসাইটির বিবাহ প্রস্তাব, নাট্যবেদের কমলাকান্ত, পদাতিক নাট্য সংসদের কালের যাত্রা এবং নাট্যচক্রের ভদ্দরনোক।
তপন মাহমুদকে সংবর্ধনা
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারে আয়োজন করে এক আনন্দানুষ্ঠানের। আনন্দের উপলক্ষ দুটি—সংস্থাটির ২৮ বছর পূর্তি এবং এর সভাপতি শিল্পী তপন মাহমুদের বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০১৬’ ও ‘চ্যানেল আই আজীবন সম্মাননা’ অর্জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় শিল্পীদের কণ্ঠে গীত হতে থাকে রবীন্দ্রনাথের গান ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’।
গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মূল অনুষ্ঠানের শুরুতে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘আলো আমার আলো ওগো’ গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাচের দল নৃত্যনন্দনের শিল্পীরা।
আলোচনা পর্বের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদ আকবর স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সহসভাপতি শিল্পী মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী হাশেম খান ও কবি আসাদ চৌধুরী। তাঁরা সবাই তপন মাহমুদকে শুভেচ্ছা জানান। রফিকুল ইসলাম, সুবীর নন্দী ও খায়রুল আনামও তাঁকে গানে গানে শুভেচ্ছা জানান। আরও ছিলেন সাজেদ আকবর, সালমা আকবর, মহাদেব ঘোষ, পীযূষ বড়ুয়া। ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেন কবিতা।
প্রধান অতিথি আনিসুজ্জামান বলেন, ‘তপন মাহমুদ শুধু একজন শিল্পীই নন, একজন দক্ষ সংগঠকও। তিনি রবীন্দ্রচর্চায় নিয়োজিত থাকুন, এটাই আশা করি।’