এক নোবেলের অনেক গুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মডেলিং জগতে দুই দশকের বেশি সময় ধরে সমানতালে কাজ করে যাচ্ছেন আদিল হোসেন নোবেল। বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। মডেলিং আর নাটকে যেমন সফলতা পেয়েছেন, তেমনি চাকরিজীবনেও একজন সফল মানুষ তিনি।বাংলাদেশের মডেলিং জগতে, বলা চলে, একচ্ছত্র আধিপত্য তাঁর। কিন্তু মডেলিং আর অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের প্রতিও যে নোবেলের ভালো লাগা, ভালোবাসা রয়েছে, অনেকেরই তা অজানা। সম্প্রতি নোবেলের সঙ্গে ক্রিকেট, মডেলিংসহ বিভিন্ন বিষয়ে কথা হয় তাঁর কর্মস্থল গুলশানের পিংক সিটিতে অবস্থিত এয়ারটেল কার্যালয়ে। প্রতিষ্ঠানটির করপোরেট অ্যান্ড এসএমই সেলস সার্ভিসেসের প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি।বছরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠিত বিপিএল ক্রিকেট লিগ চলাকালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের শুভেচ্ছাদূত ছিলেন নোবেল। বর্তমানে চার দেশের (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান) তারকা শিল্পীদের নিয়ে অনুষ্ঠেয় সেলিব্রেটি ক্রিকেট লিগে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ভাসাবি সেলিব্রেটি ক্রিকেট লিগের জন্য মোটামুটি একটা দল চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন নোবেল। ভাসাবি সেলিব্রেটি ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে আছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান, আসিফ, তাহসান, ইমন, নিরব, অপূর্ব, আরফিন রুমী, নিশো, আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, আরমান পারভেজ মুরাদ, শিমুল, এসডি রুবেল, শুভ্র দেবসহ আরও অনেকে।ক্রিকেটের প্রতি আগ্রহের কথা জানতে চাইলে নোবেল বলেন, ‘অনেক আগের কথা। আমি তখন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ি। তখন থেকেই ক্রিকেটের সঙ্গে সখ্য। সে সময় নির্মাণ স্কুল ক্রিকেট লিগ শুরু হয়। সেখানেই বন্ধুদের সঙ্গে ক্রিকেটে জড়িত হওয়া। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি হওয়ার পর একটি দল গঠন করলাম। চট্টগ্রামের বাইরেও খেলতে যেতাম আমরা। এ ছাড়া আন্তকলেজ বিভিন্ন ম্যাচ খেলেছি।’একসময় কলেজের পাট চুকিয়ে নোবেলকে চলে আসতে হয় ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। এরপর শুরু হয় তাঁর চাকরিজীবন। নোবেল জানান, ‘ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করে আমি একটি শিপিং প্রতিষ্ঠানে চাকরি শুরু করি। বছর দুয়েক সেখানে চাকরির পর ‘কোটস বাংলাদেশ’ নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে যোগ দিই। এখানে আমি সাড়ে ১৪ বছর চাকরি করি।’ আজাদ বলপেনের বিজ্ঞাপনের মধ্য দিয়ে মডেলিংয়ে আসা নোবেল এ পর্যন্ত অসংখ্য বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: আরসি কোলা, কমফোর্ট, কেয়া, গ্রি এসি, কুল সেভিং ক্রিম, লাইফগার্ড সাবান, আকতার ম্যাট্রেস, লিজান হেয়ার জেল প্রভৃতি। জানালেন, খুব শিগগির আরও দুটি নতুন বিজ্ঞাপনচিত্রের কাজ করতে যাচ্ছেন তিনি।বিজ্ঞাপনচিত্রে শুধু অভিনয় নয়, এর পুরো আয়োজনের সঙ্গেও সম্পৃক্ত থাকার চেষ্টা করেন নোবেল। বিশেষ করে বিজ্ঞাপনচিত্রের সংগীতের ব্যাপারে বেশ খুঁতখুঁতে তিনি। মনের মতো মিউজিকের জন্য সংশ্লিষ্ট সংগীতপরিচালকের কাছে নিজেই ছুটে যান। এ বিষয়গুলোতে পরিচালক খুশি থাকলেও শুরুতে বাজেট নিয়ে কিছুটা গড়িমসি করে পণ্যপ্রতিষ্ঠান। কিন্তু যখন পুরো বিষয়টি বোঝানো হয়, তখন না মেনে তাদের আর করার কিছু থাকে না।নোবেলকে টুকটাক গান গাইতে শুনলেও তিনি যে গানের কথা লিখেছেন এবং তাতে সুর করেছেন তা অনেকেই জানেন না। নোবেল নিজেও কখনো সেটি জানাতে চাননি। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘এটি কখনো জানানোর প্রয়োজন মনে করিনি। কিন্তু আজ এমনভাবে গানের প্রসঙ্গটি চলে এল যে না বলে থাকতে পারলাম না।’ নোবেলের কথা ও সুরে আরসি কোলার একটি বিজ্ঞাপনচিত্রের সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু।নোবেলকে প্রথম মঞ্চেও গান করান আইয়ুব বাচ্চু। নোবেল বলেন, ‘এইচএসবিসি ব্যাংকের বার্ষিক একটি অনুষ্ঠানে গান করছিল এলআরবি। হঠাত্ বাচ্চু ভাই ঘোষণা দিয়ে বললেন, “এখন মঞ্চে গান করবে আমার ছোট ভাই নোবেল।” পছন্দ করে আমাকে ছোট ভাই ডাকেন আইয়ুব বাচ্চু। সেদিন এলআরবির “এই রুপালি গিটার” গানটি পরিবেশন করি। সবাই কিন্তু ভালোই প্রশংসা করেছিল। শাকিলা জাফর আপার সঙ্গেও টেলিভিশনের একটি অনুষ্ঠানে গান করি। “প্রথম আলো”র মাদকবিরোধী অনুষ্ঠানেও কয়েকবার গান করেছি। টেলিভিশনে আমার গান প্রচারিত হওয়ার পর কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান আমার অ্যালবাম প্রকাশের জন্য বেশ আগ্রহী হয়ে ওঠে। কিন্তু আমি তো পেশাদার গায়ক নই; মনের আনন্দে গান করি। এটা ঠিক যে দেশ-বিদেশের অসংখ্য শিল্পীর গান আমি শুনি। তবে অ্যালবাম করার মতো অতটা দুঃসাহস আমার নেই, এমনকি সামনেও হবে না।’মডেলিংয়ের পাশাপাশি নোবেল একটা সময় নাটকেও নাম লেখান। ১৯৯৫ সালে নোবেল অভিনীত প্রথম নাটক ‘প্রাচীর পেরিয়ে’ প্রচারিত হয়। এরপর অনুরোধে ভালো মানের আরও কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে সেটা একেবারেই হাতেগোনা। সদ্যপ্রয়াত জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় নির্মিত শেষ নাটকেও অভিনয় করেছেন নোবেল। এটিকে অভিনয়জীবনের সৌভাগ্য বলে মনে করেন তিনি। অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘মডেলিংয়ের পর অভিনয়টা অনুরোধেই করা হয়। তবে এটা কখনোই অবলম্বন মনে করিনি। কেবল পছন্দ হলেই কাজ করেছি।’ এবারের ঈদে একটি নাটকে অভিনয় করবেন নোবেল। এটি পরিচালনা করছেন মাহফুজ আহমেদ। নোবেল বলেন, ‘এ নাটকে আমাকে একেবারেই অন্যরূপে দেখতে পাবে দর্শক। যেমনটা হয়েছিল “লজিং মাস্টার” নাটকে।’মডেলিং, বহুজাতিক প্রতিষ্ঠানের চাকরি, নাটকে অভিনয়, গান, উপস্থাপনা, ক্রিকেট খেলা—সব মিলিয়ে অনেক গুণে গুণান্বিত নোবেল। ছোটবেলার সেই আদিল হোসেন বড় হয়ে আসলে কী হতে চেয়েছিল তা কি একটু বলবেন? নোবেল বলেন, ‘আসলে, ঘটনাচক্রে মডেলিংয়ে জড়িয়ে পড়েছিলাম। ছোটবেলা থেকেই আমি মনেপ্রাণে চেয়েছি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতে। আমার সে লক্ষ্য পূরণ হয়েছে। এক ধরনের ভালোবাসা ও শখ থেকে পরে অন্য সব কিছু যোগ হয়েছে।’নোবেল টুকটাক উপস্থাপনাও করছেন। কয়েক বছর ধরে মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানটির পর্দার পেছনের গল্প নিয়ে নির্মিত অনুষ্ঠানটি টিভিতে উপস্থাপনা করছেন। বাইরের অনুষ্ঠানের অনেক প্রস্তাবও থাকে। কিন্তু ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে অনেক ভালো লাগে বলে জানান তিনি। মডেলিংয়ে দুই যুগের কাছাকাছি সময় পার করলেও নোবেল এখনো চিরতরুণ। বাংলাদেশের মডেলিং জগতে নোবেলের মতো কেউ এভাবে শরীরের ফিটনেস ধরে রাখতে পারেননি। এর রহস্য কী? জানতে চাইলে নোবেল বলেন, ‘পরিকল্পনামাফিক জীবন যাপন করাটাই আমার পছন্দ। আমি প্রতিদিন হালকা ব্যায়াম, সুইমিং, জিম করি; সময়মতো খাওয়াদাওয়া ও অফিস—সবই সময়ের ছকে বেঁধে করে থাকি। যেহেতু আমি চাকরি করি, তাই ছুটির সঙ্গে মিলিয়ে নাটক বা বিজ্ঞাপনের কাজ করি। সেটা অবশ্যই ভালো লাগার হতে হবে।’