এক পলকে একটু দেখা
চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেন এস আই টুটুল-কানিজ সুবর্ণা। আলী আকরাম শুভর সংগীত পরিচালনায় নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করেন এ দুজন। ছবির নাম মনের ঘরে বসত করে। পরিচালক জাকির হোসেন রাজু। যদিও এর আগে কানিজ সুবর্ণা দেবাশীষ বিশ্বাসের শুভ বিবাহ চলচ্চিত্রে তাঁর নিজের গাওয়া গানে অভিনয় করেছিলেন। তবে টুটুলের এটাই প্রথম বড় পর্দায় কাজ করা। সেই ছোটবেলায় জামালউদ্দিন হোসেনের সঙ্গে এক নাটকে অভিনয় করেছিলেন তারিন। দীর্ঘদিন পর আবারও একটি নাটকে দুটি প্রধান চরিত্রে অভিনয় করলেন এ দুজন। ঊর্মি রহমানের গল্প, জিনাত হোসেন যুথীর চিত্রনাট্য, কৌশিক শংকর দাশের পরিচালনায় নাটকের নাম মায়াজাল। নগরবাউল জেমস আবারও হিন্দি ছবিতে প্লে-ব্যাক করতে পারেন। টুইটারের মাধ্যমে তেমনটিই জানিয়েছেন গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো পরিচালক অনুরাগ বসু। অনুরাগের পরবর্তী ছবি সাইলেন্স-এ রণবীর কাপুরের জন্য গানে কণ্ঠ দিতে জেমসকে প্রস্তাব দেবেন অনুরাগ। বিপাশা হায়াতের লেখা নাটকে এর আগে অভিনয় করেছিলেন জয়া আহসান। এবার বিপাশার প্রথম পরিচালিত নাটকে অভিনয় করেছেন জয়া। বিপরীতে তৌকীর আহমেদ। বিপাশার লেখা এ নাটকের নাম আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম। রিয়াজ-মৌসুমী-ফেরদৌস এই ত্রয়ীর সর্বশেষ ছবি কুসুম কুসুম প্রেম মুক্তি পাচ্ছে খুব শিগগির। তৃতীয়বারের মতো বিয়ে করলেন ব্যান্ড গায়ক মাকসুদ। ফেসবুকের মাধ্যমে লিরা শিরীনের সঙ্গে তাঁর পরিচয়, প্রণয়, অতঃপর বাস্তবে পরিণয়। নতুন একটি মসলার বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবীন চৌধুরী।