এক পলকে একটু দেখা
সামিয়া জামান পরিচালিত অনুদানের ছবি ছেলেটা’য় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারেন জাহিদ হাসান। ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন হয়েছে। আফজাল হোসেনের নির্দেশনায় আবারও বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন ফেরদৌস। একটি কনডেন্সড মিল্কের বিজ্ঞাপনচিত্রে ফেরদৌসের সঙ্গে কাজ করেছেন শাকিবা। প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন মান্না। সোহানুর রহমান সোহান পরিচালিত চোখের পানি নামের সে ছবিটি সম্প্রতি প্রযোজক রাফি মীরের কাছ থেকে কিনে নিয়েছেন মান্নার স্ত্রী শেলী কাদের। খুব শিগগিরই বাকি কাজ শেষ করে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে তিনি জানান। নাসরীন জাহানের জনপ্রিয় উপন্যাস ঈশ্বরের বাম হাত অবলম্বনে সুমন আনোয়ারের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তারিন। হুমায়ূন আহমেদের নতুন ছবি ঘেটুপুত্র কমলার মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমালিকা কর্মকার।