এক প্রেক্ষাগৃহে ৬টি শো
>অগ্নি ২, লাভ ম্যারেজ ও পদ্ম পাতার জল—ঈদের এই তিনটি ছবি সরগরম করে রেখেছে দেশের প্রেক্ষাগৃহগুলো। একেক জায়গা থেকে একেকটি ছবি নিয়ে একেক রকম খবর আসছে। ধারাবাহিকভাবে সব কটি ছবির খবরই জানানো হবে। আজ থাকছে অগ্নি ২ ছবির হালচাল

ঈদের দিন মাহির ঘুম ভেঙেছে সকাল আটটায়। চোখ মেলতেই খাটের ওপর মিলল অগ্নি ২ সিনেমার পোস্টারসংবলিত টি-শার্ট। বাসার নিচে তখন অপেক্ষা করছেন নায়ক ওম, কলকাতার সংগীত পরিচালক আকাশসহ অগ্নি ২-এর পুরো দল। দ্রুত খাবার খেয়ে টি-শার্ট গায়ে চাপিয়ে পথে নামতে হয় মাহিয়া মাহিকে। গন্তব্য প্রেক্ষাগৃহগুলো, যেগুলোতে চলছে অগ্নি ২ ছবিটির প্রদর্শনী।
শুরুতে টঙ্গীর আনারকলি সিনেমায়, সাভারের চন্দ্রিমা, তারপর গাজীপুরের বর্ষা। দলটি যখন কিশোরগঞ্জ পৌঁছায়, তখন রাত। মানসী সিনেমায় চলছে শেষ প্রদর্শনী। একেবারে হাউসফুল। সিনেমা প্রদর্শনীর সব রেকর্ড ভেঙে ঈদের দিন এই প্রেক্ষাগৃহে চালাতে হয়েছিল ছয়টি শো। দুই ঘণ্টার সিনেমা হওয়ায় সেটা করতে খুব একটা সমস্যাও হয়নি।

ঈদের দিন বর্ষা সিনেমা আর যশোরের মনিহারেও দল বেঁধে সিনেমা দেখেছেন দর্শক।
প্রতি ঈদেই একটি ছবি মুক্তি পায় মাহির। আগের ঈদগুলো কাটত ভীষণ আলসেমি করে; টিভি দেখে বা ঘুমিয়ে। আর এবারের ঈদটা ছিল দারুণ উত্তেজনার।
পুরো দলের সঙ্গে এই ছবির জন্য অনেক শ্রম দিতে হয়েছে মাহিকে। মারপিট শিখে আসতে হয়েছে ব্যাংকক থেকে, নাচের প্রশিক্ষণ নিতে হয়েছে ভারত থেকে। ছবিটির জন্য একাগ্রতা ছিল, আছে প্রত্যাশাও। দেশের ১০৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। মাহির ফেসবুক টাইমলাইনে ঝুলছে ওই প্রেক্ষাগৃহগুলোর তালিকা।
প্রেক্ষাগৃহগুলো পরিদর্শনের সময় দর্শকদের সঙ্গে সেলফিও তুলেছেন নায়িকা মাহি। সেদিন তো আর ছবি দেখা হয়নি। ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে ছবিটি উপভোগ করেছে অগ্নি ২ সিনেমার পুরো দল।