এক ফুল বিক্রেতার সঙ্গে কিছুক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থেকে অফিসে যাচ্ছি। রোকেয়া সরণির ট্রাফিক সিগন্যালে এসে থেমে যেতে হলো। যে মেয়েটি এখানে লাল বাতির জন্য থেমে থাকা বিভিন্ন গাড়ি, বাস ও সিএনজিচালিত বেবিট্যাক্সির সামনে গিয়ে ফুল বিক্রি করছেন, তাঁকে খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, ও তো বিন্দু! দেখি, একটু দূরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজন মীর সাব্বির। তিনিও মেকআপ নিয়ে আছেন। আবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে নির্দেশনাও দিচ্ছেন।সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে চলতে শুরু করে গাড়িগুলো। আর রাস্তার পাশে গিয়ে দাঁড়ান বিন্দু এবং তাঁর সঙ্গে আরও কয়েকজন ভাসমান ফুল বিক্রেতা। দূর থেকে পুরোটাই ধারণ করা হচ্ছে। তাই কাছে গিয়ে কথা বলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো।শুটিং দলের অন্যদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে মকবুল ধারাবাহিক নাটকের শুটিং হচ্ছে। বিন্দু বললেন, ‘মকবুল নাটকের ছয়টি পর্বের জন্য আমি অভিনয় করছি। ভাসমান ফুল বিক্রেতার চরিত্র, অভিনয় করে খুব মজা পাচ্ছি। কেউ ফুল কিনছে, কেউ পাত্তাই দিচ্ছে না। হঠাৎ কেউ চিনতে পেরে জিজ্ঞেস করছে, আপনি ফুল বিক্রি করছেন!’লালবাতি জ্বলে উঠল। সব গাড়ি থেমে যায়। পরিচালক মীর সাব্বিরের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফুল হাতে নিয়ে থেমে থাকা গাড়ির কাছে ছুটে গেলেন বিন্দু। মকবুল ধারাবাহিকটি দেখানো হচ্ছে এটিএন বাংলায়।