এক ফেরদৌসের সঙ্গে সাতজনের নাচ

ঢাকা ও কলকাতার ছবির নায়ক ফেরদৌস নাচবেন সাতজনের সঙ্গে। সাতটি গানে তিনি নাচবেন চিত্রনায়িকা পূর্ণিমা, মাহি ও অমৃতা খান, সংগীতশিল্পী আঁখি আলমগীর এবং মডেল-অভিনেত্রী মোনালিসা, মেহজাবীন ও তানজিনের সঙ্গে।
একুশে টেলিভিশনের জন্য নির্মিতব্য অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ আজ শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকার তেজগাঁওয়ের একটি স্টুডিওতে শুরু হয়েছে। চলবে মধ্যরাত পর্যন্ত।
শুক্রবার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে ফেরদৌস বললেন, ‘ঈদ কিংবা বিভিন্ন বড় উৎসবে আমরা অনেক অনুষ্ঠানে অংশ নিই। কিন্তু এই অনুষ্ঠানে পুরো ভাবনাটা আমার কাছে নতুন মনে হয়েছে। তাই কাজটি করতে রাজি হয়েছি।’
অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস জানান, ‘বিভিন্ন সময়ে মুক্তিপ্রাপ্ত ছবির গান নিয়ে অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। সাতটি নাচের মধ্যে চারটিতে থাকবে আমার অভিনীত সিনেমার গান। আশা করি, দারুণ কিছু একটা হবে।’
নাম ঠিক না হওয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন ফারহানা নিশো।