এক বছর পর আবার অভিনয়
গত বছর ঈদে নিজের লেখা নাটকে অভিনয় করেছিলেন বিপাশা হায়াত। নাম নুরুন্নাহারের দ্বৈত জীবন। এটি পরিচালনা করেছিলেন অনিমেষ আইচ। এর পর আর অভিনয় করা হয়নি। এক বছর পর এবার ঈদের জন্য একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন বিপাশা। নাটকটি লিখেছেন মাসুম রেজা আর পরিচালনা করবেন শামীমা শাম্মী। নাটকটির নাম করবী, শুটিং শুরু হবে ১১ জুলাই।গল্পে করবীর স্বামী একজন জনপ্রিয় লেখক। নিজের লেখার জন্য তিনি সব সময়ই নতুন নতুন সূত্র খুঁজে বেড়ান। তিনি জানেন, বিয়ের আগে তাঁর স্ত্রী একটি ছেলেকে ভালোবাসতেন। তিনি চান, তাঁর স্ত্রী সেই ছেলের সঙ্গে দেখা করুন। এ ব্যাপারে তিনি স্ত্রীকে উৎসাহ দেন। শুরুতে স্ত্রীর এ ব্যাপারে আগ্রহ ছিল না। কিন্তু একসময় সেই ছেলেটির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। আর লেখক এখান থেকে তাঁর গল্পের জন্য নানা সূত্র খুঁজে পান। কিন্তু তিনি তখনো বুঝতে পারেননি, গল্পের সূত্র খুঁজতে গিয়ে স্ত্রীকেই হারাতে বসেছেন।বিপাশা বললেন, ‘এই গল্পে মনস্তাত্ত্বিক অনেক ব্যাপার আছে। অনেকের কাছেই তা খুব অস্বাভাবিক কিংবা অদ্ভুত বলে মনে হবে।’নাটকে করবীর চরিত্রে অভিনয় করবেন বিপাশা হায়াত। তাঁর স্বামী হচ্ছেন শহীদুজ্জামান সেলিম এবং পুরোনো প্রেমিকের চরিত্রে অপূর্ব।অপূর্ব বললেন, ‘আমি এবারই প্রথম বিপাশার সঙ্গে অভিনয় করব। ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগছে।’বিপাশা জানান, আজ থেকে কয়েক দিন তিনি হাতে আর কোনো কাজ রাখছেন না। পুরো সময়টাই ঈদের জন্য নাটক লিখবেন। এবার ঈদের জন্য তিনি তিন থেকে চারটি নাটক লিখবেন। এর মধ্যে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘নক্ষত্র’ থেকে যে কটি নাটক তৈরি হবে, সেগুলো পরিচালনা করবেন তৌকীর আহমেদ। তবে সেগুলোতে বিপাশার অভিনয়ের সম্ভাবনা একেবারেই নেই। কারণ, তখন বাচ্চাদের স্কুল ও পড়াশোনার ব্যাপারে খেয়াল করতে হবে তাঁকে।