এক বছরের মাথায় আবারও একা ড্যানি বয়েল
মাত্র এক বছরের মাথায় ভেঙে গেল অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েল ও ‘আনস্টপেবল’খ্যাত মার্কিন অভিনেত্রী, গায়িকা ও লেখিকা রোজারিও ডসানের প্রেম।‘স্লামডগ মিলিয়নিয়ার’ (২০০৮) এবং ‘১২৭ আওয়ারস’ (২০১০) ছবির ব্যাপক সাফল্যের পর ড্যানি বয়েলের পরবর্তী ছবি ‘ট্রান্স’ মুক্তি পাচ্ছে ২৭ মার্চ। কিন্তু সম্প্রতি প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটায় আনন্দ অনুভব থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে ৫৬ বছর বয়সী এ নির্মাতাকে।বয়েলের পরিচালনায় ‘ট্রান্স’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী রোজারিও। ছবিটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে গত বছর প্রণয়ে জড়িয়েছিলেন এই নির্মাতা-তারকা জুটি। কিন্তু মাত্র এক বছরের মাথায় তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ করল যুক্তরাজ্যের ‘সানডে টেলিগ্রাফ’।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুঃখজনক হলেও সত্য, প্রেমের ইতি টেনেছেন বয়েল ও রোজারিও। বরাবরই তাঁদের ভেতরে নানা ধরনের বৈসাদৃশ্য ছিল। মূলত এ কারণেই শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটতে হলো তাঁদের।