এক বিকেলে কমলাপুরে তাঁরা তিনজন
সোমবার। তখন বিকেল চারটা। দুপুরের খাবার খাওয়ার পর বিশ্রাম নিচ্ছেন আজম খান। তখন ঢাকার কমলাপুরে আজম খানের বাসায় এলেন কবীর সুমন ও সাবিনা ইয়াসমীন। হঠাৎ তাঁদের দেখে চমকে যান আজম খান। দ্রুত অন্য রুমে গিয়ে ঘরের পোশাক পাল্টে আসেন। এ সময় আজম খানের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান কবীর সুমন ও সাবিনা ইয়াসমীন দম্পতি। কিছুক্ষণের মধ্যেই আড্ডাটা জমে ওঠে। এই দুর্লভ মুহূর্তটি নিজের ভিডিও ক্যামেরার মাধ্যমে ধরে রাখেন সাবিনা ইয়াসমীন।খবর পেয়ে কিছুক্ষণ পর তাঁদের সঙ্গে আড্ডায় এসে যোগ দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর।দেশ টিভির আমন্ত্রণে ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে রোববার রাতে গান করেছেন তিনি।দুটি ক্যামেরা নিয়ে কবীর সুমন ও সাবিনা ইয়াসমীনকে অনুসরণ করেন দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী ও প্রযোজক সুমন সাহা।আসাদুজ্জামান নূর বলেন, ‘আড্ডা বলতে যেমন বোঝায়, এটা ছিল তা থেকে আলাদা। দেখে মনে হচ্ছিল, কবীর সুমন এত বছর পর তাঁর সেই সাংবাদিকতা জীবনে ফিরে গেছেন। সাংবাদিকের মতোই নানা বিষয় আজম খানের কাছ থেকে জানতে চাইছেন—যেন সাক্ষাৎকার নিচ্ছেন। পুরো ব্যাপারটি তখন এক অন্য মাত্রা পায়।’এই আড্ডায় উঠে আসে আজম খানের ছোটবেলা, তাঁর বেড়ে ওঠা, শিল্পী হওয়া, যৌবনের উত্তাল দিনগুলোর কথা, মুক্তিযুদ্ধ, আজম খানের দারুণ জনপ্রিয় হওয়া কিছু গানের নেপথ্যের কথাসহ নানা কিছু। আজম খান, কবীর সুমন আর সাবিনা ইয়াসমীন তাঁদের এই আড্ডা শেষ করেন ‘আলাল ও দুলাল’ গানটি গেয়ে।পারভেজ চৌধুরী বলেন, ‘তাঁরা তিনজনই জীবন্ত কিংবদন্তি। সুযোগ পেয়ে পুরো ব্যাপারটি ক্যামেরাবন্দী করেছি। আশা করছি শিগগিরই তা দর্শকদের দেখাতে পারব।’