এক বিকেলে রিনি বিশ্বাস ও অন্যান্য

অনুরোধে শেষ কবিতাটা পড়ছেন রিনি বিশ্বাস। দেবেশ ঠাকুরের কবিতা। পড়তে পড়তে গলাটা ধরে এল সম্ভবত। হলরুমজুড়ে অদ্ভুত নীরবতা। কবিতা শেষেও নীরবতা। নীরবতা ভাঙলেন কলকাতা থেকে আসা আবৃত্তিকার ও উপস্থাপক রিনি বিশ্বাসই। ‘এই কবিতাটা পড়লে আমার ছেলে এবং বাবার কথা খুব মনে পড়ে। তাই বাবাকে নিয়ে একটা কবিতা পড়ি!’
অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘সাধারণ সভা’। তারপরের লাইনেই লেখা—‘সংগীত, আবৃত্তি, আলাপ এবং নৈশভোজ’। আয়োজন করেছিল প্রায় ১৭ বছরের পুরোনো সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি সাংস্কৃতিক পরিষদ’। শুরুতেই বলা হয়েছিল, ঘরোয়া অনুষ্ঠান এটা। এ কারণেই তথাকথিত নিয়মকানুন বা আনুষ্ঠানিকতার বালাই ছিল না। ব্যানারে লেখা কথার সূত্র ধরে ঠিক সময়ে শুরু হলো সংগীত। জয়ধ্বনির শিল্পীরাই একে একে গাইলেন রবীন্দ্রনাথ-লালন। থাকল কিছু মৌলিক গান। তবে অনুষ্ঠানের মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় শেষের অংশ ‘নৈশভোজ’ চলে এল আগে। তবে নানা ধরনের আলাপ চলছিল শুরু থেকেই। এই ফাঁকে অবশ্য জয়ধ্বনির পক্ষ থেকে কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক এবং ডিসিআইএমসিএইচের চেয়ারম্যান মোতাজ্জেরুল ইসলামকে উপদেষ্টা হিসেবে বরণ করে নেন সংগঠনটির সভাপতি সুজন শর্মা। দুজনের হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক।
তারপরই মঞ্চে উঠলেন রিনি বিশ্বাস। অনুষ্ঠানে ঢুকেই আনিসুল হক ব্যানার দেখে বলেছিলেন, ‘আসলে সাধারণ নয়, অনুষ্ঠানটি হবে অসাধারণ সভা।’
অনুষ্ঠান শেষে তাঁর কথাই ঠিক হলো। সভা না হলেও ৯ জুন ধানমন্ডিতে জয়ধ্বনির আরও একটি অসাধারণ আয়োজন ছিল, বললেন উপস্থিত দর্শকেরা।