এক বিমূর্ত ভাবনা নিয়ে নাটকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে নাটক মুর্দা ফরাশ। এটি রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। মুর্দা ফরাশ চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। কথা হলো তাঁর সঙ্গে।মুর্দা ফরাশ নাটকটি নিয়ে কিছু বলুন।এটি একটি বিমূর্ত ভাবনা। আবু তালেব নামের একজন ব্যক্তি ১৯৫২ সালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ৫৮ বছর পর তাঁকে আবার দেখা যায়। পত্রিকায় খবর প্রকাশিত হয়। পুলিশের গোয়েন্দা বিভাগ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে আনে। লোকটি জানান, তিনি একজন মৃত মানুষ। তাঁর কথার সঙ্গে বাস্তবের যথেষ্ট মিল পাওয়া যায়। পাশাপাশি তাঁর আচরণ গোয়েন্দা বিভাগের লোকদের ভাবিয়ে তোলে। কে এই লোক? তিনি কী চান? এদিকে এখনো কেউ কেউ তাঁকে আবার হত্যা করতে চায়। পুলিশি প্রহরার মধ্যেই তাঁর দিকে গুলি ছোড়ে। একসময় গোয়েন্দা বিভাগের লোকজন বাধ্য হয়ে তাঁকে ছেড়ে দেয়।এই গল্পের মধ্য দিয়ে আপনি কী বোঝাতে চেয়েছেন?দেখুন, ১৯৫২ সালে আবু তালেবের কপালে গুলি লেগেছে। ১৯৬৯ সালে গুলি লেগেছে হাতে, আর ১৯৭১ সালে বুকে। ২০১০ সালেও তাঁর দিকে গুলি ছোড়া হয়। এবার গুলি লেগেছে পিঠে। এরপর আবু তালেবের কণ্ঠ থেকে উচ্চারিত হয়, ‘যত দিন তোমাদের অপরাধের বিচার না হচ্ছে, তত দিন আমি বেঁচে থাকব।’ আমিও চাই, সেই সব অপরাধের বিচার হোক। আজ আপনার আর কোনো নাটক প্রচারিত হবে?হ্যাঁ, বিটিভিতে, স্বপন দেখি। ওটা আমারই লেখা। একজন শিক্ষকের বয়স ৯০ বছর। তাঁর এক ছাত্র চিকিত্সক। এই শিক্ষক তাঁর সেই ছাত্রকে বিভিন্ন জায়গায় নিয়ে যান। নানা ধরনের রোগের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই সব রোগ কোনো ওষুধ দিয়ে নিরাময় করা সম্ভব নয়। এর জন্য দূর করতে হবে দারিদ্র্যকে। শিক্ষকের কথায় নতুন করে ভাবতে শুরু করেন সেই চিকিত্সক। নাটকে এই বৃদ্ধ শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জামালউদ্দিন হোসেন, আর চিকিত্সক আমি। দুটি নাটকই দর্শককে অনেক কিছু নতুন করে ভাবতে সাহায্য করবে।  বিনোদন প্রতিবেদক