এক বিয়ের দুই অনুষ্ঠান!
তারকাখ্যাতি আর বিত্তের নানা ঝকমারি। আবার শখ মেটানো কিংবা ইচ্ছাপূরণেও তারকারা কম যান না। হলিউডের তারকা জেনিফার অ্যানিস্টন আর জাস্টিন থেরক্সের বিয়ে নিয়ে এমনই এক ইচ্ছাপূরণের বিচিত্র খবর জানিয়েছে পিটিআই। খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। তবে এক বিয়ের জন্য দুটি অনুষ্ঠান করার ইচ্ছা তাঁদের। জাস্টিন থেরক্স-জেনিফার অ্যানিস্টনের বিয়ের অনুষ্ঠান দুটির একটি হবে নিউইয়র্কে, আরেকটি ক্যালিফোর্নিয়ায়।এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, জাস্টিন ও অ্যানিস্টন দুজনই চাইছেন দুটি অনুষ্ঠান করতে। একটি জাস্টিনের অনুষ্ঠান, অন্যটি অ্যানিস্টনের। যাকে বলে, ‘হিজ অ্যান্ড হার’ ইভেন্টস। জাস্টিন থেরক্স বেড়ে উঠেছেন নিউইয়র্কে। তাঁর পরিবারের অধিকাংশ সদস্য যুক্তরাষ্ট্রের এ অংশে থাকেন; সে কারণেই ক্যালিফোর্নিয়ায় অ্যানিস্টনের অনুষ্ঠান শেষে আবার বিয়ের ভোজ সুঘ্রাণ ছড়াবে নিউইয়র্কে। জাস্টিন তাঁর অংশের আয়োজনটি সাজাতে চান ‘রক অ্যান্ড রোল’ দিয়ে। লাইভ কনসার্টের মতো জমকালো আয়োজনে জাস্টিন তাঁর বিয়ের অনুষ্ঠানটি স্মরণীয় করতে চান।এদিকে, জাস্টিনের চেয়ে কম যান না অ্যানিস্টন। তিনি চাইছেন তাঁর অংশের অনুষ্ঠানটি হোক রোমান্টিক আর প্রথাগত। বিয়ের ঐতিহ্য আর প্রথাগত সব ধরনের আচারেই অ্যানিস্টন সাজাতে চান তাঁর অনুষ্ঠান।বিয়ের আগেই যে আলাদা আলাদা অনুষ্ঠান করা শুরু হয়েছে, বিয়ের পর কি পূর্ব-পশ্চিমের মধ্যে দূরত্ব তৈরি হবে না?আপাতত সে আশঙ্কাকে ‘না’ বলতেই হচ্ছে। কারণ, জাস্টিন আর অ্যানিস্টন পূর্ব-পশ্চিমের বিভেদ ঘোচাতে সম্মত হয়েছেন। তাঁরা পরস্পরকে সময় দিতে চান দুজনের মতো করেই। কখনো অ্যানিস্টন যাবেন জাস্টিনের শহরে, আর কখনো জাস্টিন আসবেন অ্যানিস্টনের শহরে। আর এভাবেই বুঝি এক পথে মিলছে দুই শহরের গণ্ডি, এক বৃত্তে বাঁধা পড়তে যাচ্ছে দুজনের মন।