এক ভ্রমণে চার গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘রি-আল্মস অব মেমোরি’ প্রদর্শনীতে এসেছিল খুদে দর্শকেরাও l ছবি: প্রথম আলো
বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘রি-আল্মস অব মেমোরি’ প্রদর্শনীতে এসেছিল খুদে দর্শকেরাও l ছবি: প্রথম আলো

তখন দুপুর। শ্রাবণের ২৫টি দিন চলে গেছে। কাল ছিল ২৬ শ্রাবণ, মেঘেরা পলাতক। গরম একটু বেশিই যেন! গুলশান ১ নম্বর গোল চত্বর অতিক্রম করে ডান পাশের রাস্তা ধরে একটু এগোলেই বেঙ্গল আর্ট লাউঞ্জ। গ্যালারির চারপাশের দেয়ালে সাজানো চিত্রকর্ম স্বস্তি এনে দিল মনে। এখানে চলছে বিপাশা হায়াতের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘রি-আল্মস অব মেমোরি’ বা ‘স্মৃতির রাজ্যে’। দুপুরেও উল্লেখ করার মতো লোকসমাগম হয়েছে।
দুদিন আগে শুরু হয়েছে প্রদর্শনীটি। উদ্বোধনী দিনে নিজের ছবির বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বিপাশা হায়াত বলছিলেন, ‘আমার ছবির টুকরো অংশগুলো প্রতিনিধিত্ব করে আমার টুকরো স্মৃতিগুলোকে। আর যে লাইনগুলো দিয়ে এগুলো আলাদা করা, সেটা একে আহ্বান করে আমার বর্তমানে। ক্যানভাসটা আসলে এ দুটি সময়—অতীত বর্তমান এবং আমার মৌলিক আবেগ ধরে রাখার জায়গা।’
উপস্থিত দর্শকেরা হয়তো অতীত ও বর্তমানের এই স্মৃতিগুলো দেখার চেষ্টা করছেন। এই দুপুরেও যে গ্যালারিতে দর্শক আসছে, এটা সুসংবাদ।
এই টুকরো স্মৃতির রাজ্য থেকে এবারের গন্তব্য ধানমন্ডি ২৭ নম্বরের বেঙ্গল শিল্পালয়। সন্ধ্যা নেমেছে। এখানকার বেশির ভাগ শিল্পকর্মই মেঝেতে সাজানো। কামিনী ফুলগাছের এক খণ্ড গুঁড়িতে চোখ আটকে গেল। তাতে আঁটসাঁট পড়ে আছে চার-পাঁচটি মানুষ। মানবিক ট্র্যাজেডি বহনকারী এই ভাস্কর্যের নাম ‘থাইল্যান্ডের অরণ্যে নিক্ষিপ্ত হতভাগ্য’। জীবনের তাগিদে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকার পাটাতনে অমানবিকতার শিকার হওয়া শত শত মানুষের প্রতিচ্ছবি যেন! এ বছরই ভাস্কর্যটি তৈরি করেছেন প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। এখানে চলছে তাঁর ‘নামিল শ্রাবণ সন্ধ্যা’।

‘পৌরাণিক রহস্য’ শীর্ষক প্রদর্শনীর চিত্রকর্ম দেখছেন দর্শক l প্রথম আলো
‘পৌরাণিক রহস্য’ শীর্ষক প্রদর্শনীর চিত্রকর্ম দেখছেন দর্শক l প্রথম আলো

আরও একটু এগোতে চোখে পড়ল গুল্মলতা, বাঁশ ও তালের আঁটি দিয়ে তৈরি আরেকটি অপরূপ ভাস্কর্য। নাম ‘শ্রাবণ মেঘের দিন’। পাশেই পুরোনো জীর্ণশীর্ণ গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে ভাস্কর্য ‘আঁধার মাঝে’।
কাছাকাছি গ্যালারি টোয়েন্টি ওয়ান। তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী চলছে এখানে। ২৩ জুলাই ছিল তাঁর ৯০তম জন্মদিবস, প্রদর্শনীর উপলক্ষ সেটাই। আগে তাজউদ্দীন আহমদের বাসভবন ছিল এখানে।
৩ নভেম্বর ১৯৭৫-এ ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁকে নির্মমভাবে হত্যার দুদিন পরে এখানেই তাঁকে নিয়ে আসা হয়েছিল। তাঁর নিথর দেহের ছবিটিও দেখা গেল প্রদর্শনীতে। আরও অনেক ছবি রয়েছে সেখানে, যা অনেক প্রবীণকে করে তুলবে স্মৃতিকাতর, অনেক তরুণ যুবাকে করে তুলবে ইতিহাসপ্রেমী।
এবার আমরা পৌঁছে গেছি নবীন একজন শিল্পীর একক প্রদর্শনীতে। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘পৌরাণিক রহস্য’ নামে চিত্রশিল্পী এ আর রুমীর একক চিত্র প্রদর্শনী। শিল্পী এ আর রুমী ক্যানভাসে রং টেনে আমাদের অতীতের দরবারে নিয়ে যান, ফিরিয়ে আনেন ঐতিহ্য। রুমীর ছবিতে আছে শীতলপাটি, শোলার পাখি, নকশিকাঁথা, মুখোশ, মাটির কলস।
রাজধানীর চিত্রশালাগুলোয় বিচিত্র রকমের প্রদর্শনী চলছে। একটু ফুরসত পেলে যে কেউ সেসব জায়গায় নিয়ে নিজেকে রাঙিয়ে নিতে পারেন শিল্পের আলোয়।