
উপস্থাপনা দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেটা ২০০৩ সালের কথা। চ্যানেল আইয়ে ধারাবাহিকভাবে ‘আই স্পিড’ নামে একটি অটোমোবাইল শো করতাম। যত দূর জানি, সেটি ছিল বাংলাদেশের প্রথম কোনো অটোমোবাইল শো। ঢাকার বিভিন্ন জায়গায় ভাগে ভাগে শুটিং করে পর্ব বানানো হতো। প্রথম দিন শুটিং হয়েছিল ঢাকার বিমানবন্দরের পাশের একটি রাস্তায়। তখন তো শুটিংয়ের ক্যামেরা দেখলেই উত্সুক লোকজন বেশি জড়ো হতো। লোকজনের ভিড় দেখে শট নেওয়ার আগেই নিজের মধ্যে ভয় ধরে গেল। ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুট শুরু হলো। প্রথম শটেই এনজি (নট গুড), মানে বাতিল হয়ে গেল। এভাবে ওখানকার অংশটুকু শুটিং করতে ২৬ বার শট দিতে হয়েছিল আমাকে। শট নেওয়া শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরেই এনজি হওয়ায় ‘কাট কাট...’ বলে প্রযোজক চিত্কার করতে থাকেন। একেকবার এনজি হয় আর উৎসুক জনতা হাততালি দেয়। এক ভয়াবহ অবস্থা হয়েছিল সেদিন। ক্যামেরার সামনে প্রথম দিনের অভিজ্ঞতা এমনই ছিল। জীবনে প্রথম হাততালি পেয়েছি বাতিল হয়ে যাওয়া দৃশ্যের জন্য। হা হা হা...।
গ্রন্থনা: শফিক আল মামুন