ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসংগীতের বদলে চলচ্চিত্র উৎসবের শীর্ষ সংগীত শুনেই বোঝা যাচ্ছিল, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কত বড় পরিসরে হতে যাচ্ছে। কলকাতার মঞ্চে একসঙ্গে দেখা গেল অমিতাভ-মিঠুন-শাহরুখকে। বাংলার জামাই, বাংলার ছেলে আর বাংলার শুভেচ্ছাদূত। সঙ্গে ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা। সংগত কারণে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভেতরে তিল পরিমাণ ঠাঁই ছিল না। বাইরে প্রবেশের অপেক্ষায় ছিল আরও বেশিসংখ্যক মানুষ।কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে গতকাল শনিবার বিকেল পাঁচটায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন শাহরুখ খান। আর বিশেষ অতিথি ছিলেন মিঠুন চক্রবর্তী। এই প্রথম কলকাতার কোনো মঞ্চে একসঙ্গে দেখা গেল বলিউডের এই তিন খ্যাতিমান তারকাকে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী, কুমার শানুসহ বলিউড ও টালিউডের একঝাঁক তারকা এবং কলকাতার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে অমিতাভ বচ্চন বলেন, ‘কলকাতা আমার প্রিয় শহর। এই শহরের উষ্ণতা আমি পৃথিবীর কোথাও পাই না। আমার কর্মজীবন শুরু এই কলকাতা শহর থেকেই। অভিনয়জীবন শুরুও কলকাতা থেকে। সেই কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পেরে আমি ধন্য।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেব, কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। সংগীত ও অভিনয়শিল্পী অনুরূপ মল্লিক প্রথম আলোকে বলেন, ‘ছিয়াশির পর এত বড় তারকা সমাবেশ আর হয়নি। সেবার নির্ধারিত অনুষ্ঠান প্রথম দিন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেস্তে গিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ব্যক্তিগতভাবে মিঠুন চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন, যাতে পরের দিন অনুষ্ঠান হয়। প্রথম দিন অমিতাভ মঞ্চে ছিলেন।’এবারে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে বাংলাদেশের সাতটি ছবি প্রদর্শিত হবে। ছবিগুলো হলো: শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর, সৈয়দ অহিদুজ্জামানের অন্তর্ধান এবং তানভীর মোকাম্মেলের দুটি প্রামাণ্যচিত্র যথাক্রমে জাপানি বধূ ও অয়ি যমুনা, হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা, মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ এবং শাহনেওয়াজ কাকলির প্রামাণ্যচিত্র রঙিন শাড়ি। আট দিনের এই উৎসব শেষ হবে ১৭ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ইরানের পরিচালক আসগর ফরিদির ছবি নাদের অ্যান্ড সিমিন: এ সেপারেশন।