এক মঞ্চে আবদুল জব্বার, সৈয়দ আবদুল হাদী ও জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে এক মঞ্চে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হবেন খ্যাতিমান গায়ক আবদুল জব্বার, সৈয়দ আবদুল হাদী ও জেমস। আসছে ১৬ ডিসেম্বর গুলশান-২ ইয়ুথ ক্লাব মাঠে ‘বিজয় উত্সব-২০১০’ শীর্ষক বিজয় দিবসের এক কনসার্টে এক মঞ্চে হাজির হবেন এই তিন তারকা। এ ছাড়া যাচ্ছে দেশের ১৪ জন শীর্ষ তারকা ও ব্যান্ডদল এই কনসার্টে একসঙ্গে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, বিজয় উত্সব-২০১০-এর মাধ্যমে এবারই প্রথম দেশের খ্যাতিমান তিন শীর্ষ গায়ক আবদুল জব্বার, সৈয়দ আবদুল হাদী এবং জেমস এক মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। একই মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত নেতারা। দিনব্যাপী বর্ণাঢ্য এ বিজয় উত্সবে আরও গান পরিবেশন করবেন—ফকির শাহাবুদ্দিন, কণা, জুয়েল, আরফীন রুমী, শিরীন, ন্যান্সি, হূদয় খান, পড়শী এবং ব্যান্ড ওয়ারফেইজ, ব্ল্যাক ও লালন। বিজয় উত্সব-২০১০-এর বর্ণাঢ্য আয়োজন প্রসঙ্গে আয়োজকেরা বলেন, ‘ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতাকে রক্ষা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে আমাদের এই আয়োজন। গানে গানে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে তরুণদের মাঝে পৌঁছে দেওয়াই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য।’ আয়োজকেরা আরও জানান, এরই মধ্যে কনসার্টে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত মতামত জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্পীরা। এদিন ইয়ুথ ক্লাব মাঠকে সাজানো হবে বর্ণিল সাজে। থাকবে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি বহরও। আয়োজক সূত্রে আরও জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আরও অসংখ্য উত্সবের আয়োজন থাকলেও বিজয় উত্সব-২০১০ বর্ণাঢ্য এবং সর্বাধিক তারকাশিল্পী ও বীর মুক্তিযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবচেয়ে বড় ও আকর্ষণীয় উত্সবে পরিণত হবে। তাঁরা সেই লক্ষ্যেই পুরো আয়োজনটিকে সাজব। বিজয় উত্সব-২০১০-এর প্রবেশপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। যা ১১ ডিসেম্বর থেকে আগ্রহী দর্শক-শ্রোতারা সংগ্রহ করতে পারবে। বিজয় উত্সব-২০১০ অনুষ্ঠানটি আয়োজন করছে সেলুলয়েড প্লাস, কাদামাটি এন্টারটেইনমেন্ট ও অ্যাপোলো টুয়েলভ।