এক মঞ্চে তপন চৌধুরী ও শুভমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে অ্যালবাম করতে যাচ্ছেন দুই বাংলার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও শুভমিতা। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, এই দুই জনপ্রিয় শিল্পী অ্যালবাম প্রকাশের আগেই এক হতে যাচ্ছেন। ২০ জানুয়ারি ঢাকা ক্লাবের অতিথিশালায় এ দুই শিল্পী গান শোনাবেন। অ্যালবাম প্রকাশের আগে শ্রোতাদের জন্য এটি অনেকটা বাড়তি চমকের মতোই। অনুষ্ঠানে তপন চৌধুরী ও শুভমিতা নিজেদের জনপ্রিয়, পরিচিত, শ্রোতাপ্রিয় ও অনুরোধের গানগুলোই গাইবেন বলে জানা গেছে।তপন চৌধুরী বলেন, ‘শুভমিতার গান আমার খুব পছন্দের। তা ছাড়া উনি আমার পছন্দের শিল্পীদের একজন। আমরা দুজন একটি দ্বৈত অ্যালবামেও গান করব। আশা করছি, একসঙ্গে অ্যালবামে গান করার আগে এ অনুষ্ঠানটি বেশ ইতিবাচক হবে আমাদের দুজনের জন্য।’এদিকে মুঠোফোনে শুভমিতা অনুষ্ঠানটি সম্পর্কে জানাতে গিয়ে প্রথমেই বাংলাদেশের শ্রোতা ও দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানান। ‘দ্বিতীয়বারের মতো বাংলাদেশে যাচ্ছি, তাই বেশ ভালোও লাগছে। নিমন্ত্রণটা যখন আবার পাই, তখন মনে হয়েছে, বাংলাদেশের শ্রোতারা আমার গান পছন্দ করেছে।’ তিনি আরও বলেন, ‘শুনেছি, অনুষ্ঠানে তপন চৌধুরীও গান করবেন। এরই মধ্যে আমাদের দুজনের একসঙ্গে একটি অ্যালবাম করার কথাবার্তাও চূড়ান্ত হয়েছে। এত দিন দুজনের মধ্যে শুধু কথা হয়েছে, এবার দেখাও হবে। এ সুযোগে অ্যালবামের কাজটাও অনেক দূর এগোবে বলে মনে করছি।’