এক মঞ্চে তিন গল্পের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশের লাঠি এ দেশে কখনো অধিকার আদায়ের হাতিয়ার, কখনো খেলার উপকরণ। সেটি এবার হয়ে উঠেছে নাটকের চরিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের মঞ্চে একদল তরুণ নাট্যশিক্ষার্থীর হাত ধরে মঞ্চে উঠে এসেছে শোষিত মানুষের বিদ্রোহী হয়ে ওঠার প্রতীকরূপে।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রস্তুতি চলছিল মঞ্চসজ্জার। কিছুক্ষণ পর বহ্নি বিসর্জন ব-দ্বীপ নাটকের কারিগরি প্রদর্শনী। অভিনয় করবেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ১৫ শিক্ষার্থী। সৈয়দ শামসুল হকের দুটি নাটক ও একটি উপন্যাস মিলিয়ে নাটকটির পাণ্ডুলিপি তৈরি করেছেন ও নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। বিভাগের এই শিক্ষক চেয়েছেন, রচনাগুলো থেকে মুক্তিযুদ্ধের ওপর আলো ফেলতে। নতুন প্রজন্ম নাটকের মধ্য দিয়ে এর বিভীষিকাকে জানুক। মঞ্চ প্রস্তুতির ফাঁকে তিনি বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য নানাভাবে মুক্তিযুদ্ধকে বুঝতে হবে, ব্যবহারিকভাবে এর ভেতরে প্রবেশ করতে হবে। নাটকের কাঠামো খুঁজতে তিনি বেছে নিয়েছেন নূরলদীনকে। মাস খানেক টানা ১২ ঘণ্টা করে মহড়ায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। আহমেদুল কবির জানালেন, এক ক্যানভাসে এ রকম কোলাজ খুব বেশি হয়নি এখানে। যেন এক মঞ্চে তিন গল্পের নাটক এটি।
নাটক নূরলদীনের সারাজীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় ও উপন্যাস নিষিদ্ধ লোবান নিয়ে নির্মিত এ নাটকের আজ উদ্বোধনী প্রদর্শনী। সন্ধ্যা সাতটায় নাটমণ্ডলে নাটকটি দেখতে আসবেন প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক।