এক মঞ্চে দুই বাংলার চলচ্চিত্র-সংশ্লিষ্টরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চলচ্চিত্রের বিনিময় ও উন্নয়নের লক্ষ্যে এপার-ওপার দুই বাংলার চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গতকাল শুক্রবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক যৌথ সভার আয়োজন করা হয়। কলকাতা চলচ্চিত্রের শিল্প ও বাণিজ্য ফেডারেশনের কয়েক সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন চলচ্চিত্রকার গৌতম ঘোষ। এ দলে আরও ছিলেন অভিনেতা প্রসেনজিত্, জিত্, শ্রীকান্ত মেহতা প্রমুখ।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আমন্ত্রণে এ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ মামুন, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, এমপি সারাহ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ। এ উদ্যোগের সফলতায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।চলচ্চিত্রকার গৌতম ঘোষ বলেন, ‘দুই বাংলার চলচ্চিত্রকে এক করাই আমাদের লক্ষ্য। বিশ্বে থাকবে অভিন্ন বাংলা চলচ্চিত্রের বাজার। এই সেতু বন্ধনের মাধ্যমে কলকাতার চলচ্চিত্র বাংলাদেশে এবং বাংলাদেশের চলচ্চিত্র ভারতসহ বিশ্বে প্রদর্শনের ব্যবস্থা হবে।’বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমাদের এ আয়োজন। দুই বাংলার চলচ্চিত্রের উন্নতির জন্য যা খুব দরকার। এ দেশের ছবি যদি কলকাতায় চলে আর কলকাতার ছবি যদি এ দেশে চলে, তবেই বাংলা চলচ্চিত্রের আরও উন্নতি ঘটবে।’প্রথম আলোকে প্রসেনজিত্ বলেন, ‘আগে ছবির শুটিংসহ বিভিন্ন কাজে কয়েকবার বাংলাদেশে আসতে হয়েছে। এবার এসেছি দুই দেশের চলচ্চিত্রের উন্নয়নে আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে। কলকাতা ও বাংলাদেশের বাংলা চলচ্চিত্রকে আরও ভালোভাবে দুই বাংলায় কীভাবে তুলে ধরা যায়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য।’দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। প্রসেনজিতের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন। যাওয়ার আগে বিমানবন্দর থেকে মুঠোফোনে ফেরদৌস বলেন, ‘দুই বাংলার চলচ্চিত্রকে নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানাই। এর ফলাফল আমরা যদি ভোগ করতে না-ও পারি, পরবর্তী প্রজন্ম এ ধরনের উদ্যোগ থেকে উপকৃত হবে।’ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চলচ্চিত্রের বিনিময় ও উন্নয়নের জন্য এ সভায় আরও উপস্থিত ছিলেন শাকিব খান, মিশা সওদাগর, এম এ জলিল অনন্ত, অনিরুদ্ধ রায় চৌধুরী, মহেন্দ্র সোনি, খোরশেদ আলম খসরু, শহিদুল ইসলাম খোকন, মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন জাকি, তানভীর আহমেদ প্রবাল, আফসানা মিমি, আবদুল আজিজ, মনোয়ার এহতেশাম, রেদওয়ান রনিসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেই।