গতকাল শিল্পকলা একাডেমীর একই মঞ্চে পাওয়া গেল রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম দুজনকেই। বাংলা সাহিত্যের এই দুই কীর্তিমানের সৃষ্টির সঙ্গে পালাক্রমে পরিচয় করিয়ে দিল সিদ্ধেশ্বরীর নাট্যসংগঠন ‘লোক নাট্যদল’। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে প্রথমে প্রদর্শিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একাঙ্ক শিল্পী এবং পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রথযাত্রা। মিলনায়তনভর্তি দর্শক দেখল এ নাটক।
শিল্পী নাটকটির নির্দেশনায় ছিলেন ফরহাদ জামান। রথযাত্রার নির্দেশক লিয়াকত আলী।
শিল্পী নাটকটিতে শিল্পীজীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বের করুণ চিত্র ফুটে উঠেছে। নাটকের প্রধান চরিত্র ‘সিরাজ’ একজন চিত্রকর। চিরসুন্দরের উপাসক বলে সে সাধারণ অনুভূতির বন্ধন স্বীকার করতে চায় না। কিন্তু তার স্ত্রী লাইলী তাকে সাধারণ অনুভূতিসম্পন্ন মানুষ হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল। এমনই এক চিরন্তন দ্বন্দ্ব ফুটে উঠেছে এই নাটকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাস্উদ সুমন, সুচিতা শবনম ও মেহেজাবীন মুমু এবং খাদিজা মোস্তারী মাহিন।
রথযাত্রা নাটকে সমাজের উঁচুতলা আর নিচুতলার বৈষম্য ফুটে উঠেছে। শেষ পর্যন্ত তাতে সাধারণ মানুষের জয়গান গাওয়া হয়েছে। নাটকটিতে থেমে থাকা মহাকালের রথটি চালাতে ব্যর্থ হয় রাজার পুরোহিত, মন্ত্রী এবং সৈন্যসামন্তের দল। রাজা যখন রথ চালানো নিয়ে অনিশ্চয়তায়, তখনই শূদ্রপাড়ার একদল সাধারণ শ্রমিকের দল রথের রশিতে হাত রাখলে সাবলীলভাবে চলতে শুরু করল মহাকালের ‘রথ’। রথযাত্রায় অভিনয় করেছেন শাহারিয়ার কামাল, জিয়াউদ্দিন শিপন, আবু বকর বকশী, সহিদুজ্জামান আকাশ, জুলফিকার আলী প্রমুখ।