এক মঞ্চে সরাসরি গানে ১১ রবীন্দ্রসংগীতশিল্পী

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এক মঞ্চে সরাসরি গানে অংশ নেবেন বাংলাদেশের ১১ জন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী। এসএ টিভির আয়োজনে কাল ২৫ বৈশাখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রাজধানীর ‘গুলশান ক্লাব’ থেকে সরাসরি গান শোনাবেন তাঁরা।
‘মন জাগো মঙ্গলালোকে’ শিরোনামের এ অনুষ্ঠানে গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, পাপিয়া সারোয়ার, মিতা হক, সালমা আকবর, ফাহিম হোসেন চৌধুরী, অদিতি মহসিন, লিলি ইসলাম, আজিজুর রহমান তুহিন, স্বপন দত্ত ও নন্দিতা ইয়াসমিন।
রবীন্দ্রসংগীতের পাশাপাশি দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পীরাও আবৃত্তি পরিবেশনায় অংশ নেবেন। তাঁদের মধ্যে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তাফা ও শারমীন লাকি।
এসএ টিভি সূত্রে জানা গেছে, গুলশান ক্লাবের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শম্পা রেজা ও আবিদুর রেজা জুয়েল।