এক মঞ্চে সালমান-ঐশ্বরিয়া!

বন্যাদুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠনের জন্য ‘সাথ হ্যায় হাম উত্তরাখণ্ড’ অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছেন ভারতের একঝাঁক তারকা। অনুষ্ঠানের অন্যতম চমক হিসেবে থাকছে এক মঞ্চে সালমান খান ও তাঁর সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি।
মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ন্যাশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়ায় সাত ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতের স্বাধীনতা দিবসে। অনুষ্ঠানটি সম্প্রচার করবে ভারতের প্রথম সারির একটি বিনোদন টিভি চ্যানেল। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
অনুষ্ঠানে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় তারকারাও মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন। বলিউডের রথী-মহারথীদের মধ্যে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন, সালমান খান, ঐশ্বরিয়া রাই, লতা মুঙ্গেশকর, অজয় দেবগন, কাজল, অনিল কাপুর, এর আর রেহমান, বোমান ইরানি, প্রীতম, প্রসূন যোশি, মুকেশ ভাট, আয়ুষ্মান খুরানা এবং শংকর-এহসান-লয়।
বন্যাদুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠনের পাশাপাশি ত্রাণ কাজে অংশ নেওয়ার জন্য সবার ভেতর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিনে একই মঞ্চে সালমান ও ঐশ্বরিয়াকে দেখার জন্য মুখিয়ে আছেন এ দুই তারকার অগণিত ভক্ত।
সালমান-ঐশ্বরিয়ার প্রেমের অধ্যায়ের যবনিকাপাত ঘটেছে অনেক আগেই। সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী অ্যাশ। মেয়ে আরাধ্য ও বচ্চন পরিবারের সবাইকে নিয়ে সুখেই সংসার করছেন তিনি। বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলার পথই বেছে নেন সালমান-ঐশ্বরিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর আবার তাঁদেরকে একসঙ্গে দেখার সুযোগ করে দিচ্ছে ‘সাথ হ্যায় হাম উত্তরাখণ্ড’ অনুষ্ঠানটি।
পুরোনো বিবাদ মেটানোর মৌসুম যেন চলছে বলিউডে। ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে চিরশত্রু শাহরুখ খানের সঙ্গে বুকে বুক মিলিয়ে দ্বন্দ্ব মিটিয়েছেন সালমান। বিবাদ মিটিয়েছেন কারিনা কাপুর খান ও প্রিয়াংকা চোপড়াও। কে জানে, ঐশ্বরিয়ার সঙ্গেও বিবাদ মিটিয়ে তাঁর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন কি না সালমান!