এক মলাটে জয়নুলের জীবন-কর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন: জীবন ও কর্ম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা l প্রথম আলো
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গতকাল বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন: জীবন ও কর্ম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা l প্রথম আলো

শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে আবুল মাল আবদুল মুহিতের দেখা হয়েছিল স্বাধীনতার পরে। তখন চলছিল বাংলাদেশের সংবিধান রচনার কাজ। সংবিধানের মুদ্রিত সংস্করণে ছিল জয়নুলের নকশিকাঁথার জলছাপ। সেই নকশাগুলোর একটিতে স্বাক্ষর করে জয়নুল উপহার দিয়েছিলেন মুহিতকে। সেটি এখনো সযতনে রেখেছেন তিনি।
গতকাল বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে সেই স্মৃতিচারণ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিল্পাচার্যকে নিয়ে বই জয়নুল: জীবন ও কর্ম-এর মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তিনি। তিনি বলেন, ‘১৯৬০-৬৩ সালের দিকে জয়নুলকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার।’
জয়নুল আবেদিনকে কাছ থেকে দেখেছিলেন জাতীয় জাদুঘরের সাবেক কিপার জাহাঙ্গীর হোসেনও। শিল্পাচার্যের দুর্লভ চিত্রকর্ম ও দলিলের দুষ্প্রাপ্য সংগ্রহ রয়েছে তাঁর কাছে। সেসবের ওপর ভিত্তি করে তিনি লিখেছেন গবেষণামূলক এ বই। শিল্পাচার্যের অনেক ছবি এখনো অরক্ষিত রয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুর্লভ ছবিগুলো সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করা যেতে পারে।
প্রকাশনা অনুষ্ঠানের সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বইটিতে জয়নুল আবেদিনের সহধর্মিণীর সাক্ষাৎকার ও জয়নুলের হাতে লেখা বিভিন্ন দুষ্প্রাপ্য দলিল পুনর্মুদ্রিত হয়েছে। এটি প্রশংসার দাবিদার।
বইটির মোড়ক উন্মোচনে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো জয়নুল আবেদিনও একেবারে মফস্বলের কাদামাটি থেকে উঠে আসা মানুষ। তিনি স্বপ্ন দেখতেন, এ দেশ একটি সমৃদ্ধিশালী সাংস্কৃতিক দেশ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
জাহাঙ্গীর হোসেন বলেন, জয়নুলের বেড়ে ওঠা, বাল্যজীবন, শিক্ষা ও কর্মজীবন, তাঁর আন্তর্জাতিক মূল্যায়ন রয়েছে বইটিতে। উদ্ধৃতি হিসেবে আছে শিল্পাচার্যের উল্লেখযোগ্য লেখা, শিল্পীকে লেখা ও শিল্পীর লেখা চিঠি। সেসব ছাড়াও জাদুঘরে সংরক্ষিত জয়নুলের ৮০৭টি শিল্পকর্ম থেকে বাছাইকৃত ১০০টি শিল্পকর্মের আলোকচিত্র। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। দাম ১ হাজার টাকা।