
জেনি। ছোট পর্দার অভিনয়শিল্পী। ২০০৫ সালে বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে মিডিয়াতে অভিষেক ঘটে। পরের বছর নাটকে অভিনয় শুরু করেন। তাঁর প্রথম নাটক এপিঠ-ওপিঠ। সেই থেকে এখনো অভিনয়ে আছেন। আজ রাতে এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক দাগ। নাটকটিতে অভিনয় করেছেন জেনি।
কিছুদিন আগে বলেছিলেন পায়ে খুব ব্যথা পেয়েছেন। কী অবস্থা এখন?
মে মাসের প্রথম দিকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। ২০ দিন ছিলাম। ঢাকায় ফেরার পর হাঁটতে গিয়ে পা মচকে যায়। চিকিৎসকের পরামর্শে এক মাস বিশ্রামে থাকতে হয়। এখন অবস্থা মোটামুটি ভালো।
তার মানে সব ধরনের শুটিং থেকে দূরে আছেন?
তা আর পারলাম কই। আজ (মঙ্গলবার) নাটকের শুটিং করছি। টানা এক মাস পর শুটিংয়ে ফিরলাম।
কার নাটক দিয়ে অভিনয়ে ফিরলেন?
পারিবারিক জিদ নামের এই নাটকটির পরিচালক আলী ফিদা একরাম তোজো। নাটকটিতে আমার সহশিল্পী ইন্তেখাব দিনার। দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প।
আর কোনো নাটকে কাজ করেছেন?
অস্ট্রেলিয়া যাওয়ার আগে কয়েকটি খণ্ড নাটকের কাজ করেছিলাম। সব নাটকের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। পরিচালকেরা বলেছিলেন, নাটকগুলো ঈদের জন্যই বানানো হয়েছে।
অস্ট্রেলিয়া গিয়েছিলেন কী কারণে?
নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। নাম দূরের বাড়ি কাছের মানুষ। দেশের বাইরে অনেক নাটকের কাজই করেছি, কিন্তু অস্ট্রেলিয়ার এই কাজটি অনেক গোছানো ছিল।
বিশ্রামের এক মাস সময় কেটেছে কীভাবে?
ছোট বোনের সঙ্গে আড্ডা দিয়েছি। এ বছরের অস্কারের মনোনয়ন পাওয়া এবং পুরস্কৃত ছবিগুলো দেখেছি।
আজ তো দাগ নাটকটি দেখানো হবে...
খুবই চমৎকার গল্পের একটি ধারাবাহিক নাটক। বাবা-মেয়ের মধ্যকার চমৎকার সম্পর্ক নিয়ে গল্প—নাটকটি ভালো লেগেছে।
পড়াশোনা...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছি। এর মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে বেশি। তাই আপাতত অভিনয় নিয়ে ব্যস্ত আছি। ইচ্ছে আছে আগামী বছর দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার।
বিনোদন প্রতিবেদক