এক মাস পর হাসপাতাল ছাড়লেন শত্রুঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২ জুলাই আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ১৬ জুলাই তাঁর হূৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। ১ মাসের বেশি সময় হাসপাতালে অবস্থানের পর অবশেষে পুরো সুস্থ হয়ে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি ফিরে গেছেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্নকে বাড়ি নিয়ে যান স্ত্রী পুনম সিনহা। সম্প্রতি এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে পিটিআই। এ প্রসঙ্গে কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক রাম নারায়ণ বলেছেন, ‘শত্রুঘ্ন সিনহা এখন পুরোপুরি সুস্থ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় হাসপাতাল ছেড়েছেন তিনি।’ রাম নারায়ণ আরও বলেন, ‘১০-১২ দিন আগেই শত্রুঘ্নকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বাড়িতে যাওয়ার কয়েক দিন বাদেই কার্ডিও-রেস্পাইরেটরি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে অংশ নিতে আবার তাঁকে হাসপাতালে আসতে হতো; এ জন্য আর বাড়িতে না গিয়ে হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেন তিনি।’ ১৯৬৯ সালে ‘সাজন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শত্রুঘ্ন সিনহার। তখন তাঁর বয়স ছিল ২৪ বছর। পরবর্তী সময়ে হিন্দির পাশাপাশি বাংলা ও পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন। ‘কালীচরণ’, ‘বিশ্বনাথ’, ‘ব্ল্যাকমেইল’, ‘দস্তানা’, ‘শান’, ‘কালা পাথর’সহ দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন ৬৬ বছর বয়সী এ অভিনেতা। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া রাম গোপাল ভার্মার ‘রক্তচরিত্র’ ছবিতে দেখা গেছে তাঁকে।অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সফলতা পেয়েছেন শত্রুঘ্ন সিনহা। বর্তমানে ভারতের লোকসভায় সাংসদ হিসেবে বিহারের প্রতিনিধিত্ব করছেন ‘বিহারি বাবু’খ্যাত শত্রুঘ্ন। চার দশকের অভিনয়জীবনে কাজের স্বীকৃতি হিসেবে স্টারডাস্ট, জি সিনে, কালাকার, জাতীয় কিশোর কুমার সম্মাননা, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন গুণী এ অভিনেতা।