এক মাসে দুই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুণ
নিপুণ

প্রেক্ষাগৃহে অনেক দিন ধরে নতুন কোনো ছবি নেই চিত্রনায়িকা নিপুণের। সর্বশেষ নয় মাস আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর ছবি কার্তুজ মুক্তি পেয়েছিল। কয়েক মাসের বিরতির পর আবার প্রেক্ষাগৃহে দেখা মিলবে নিপুণের। তা-ও আবার একই মাসে দুটি ছবিতে। একটি মানিক মানবিকের শোভনের স্বাধীনতা আর অন্যটি অরূপ রতন চৌধুরীর স্বর্গ থেকে নরক।
একই মাসে দুটি ছবি মুক্তির খবরে বেশ আনন্দিত নিপুণ। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রথম ভালো লাগার বিষয় হচ্ছে ছবি দুটি বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে। এর মধ্যে শোভনের স্বাধীনতা শিশুতোষ চলচ্চিত্র। অন্যদিকে স্বর্গ থেকে নরক ছবির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার একিট উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ বছরের জুলাইয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে স্বর্গ থেকে নরক ছবিটি। এ বিষয়ে নিপুণ বলেন, ‘সিনেমায় আমি অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এ ছবিটি একেবারেই ভিন্নধর্মী। সামাজিক সচেতনতামূলক গল্পের এ ছবিতে অভিনয় করতে পেরেছি ভেবে ভালো লাগছে। ছবিটি দেখে তরুণ প্রজন্মের অনেকে কিছুটা হলেও উপকৃত হবে।’
বছর তিনেক আগে শুটিং শেষ হয়েছে শোভনের স্বাধীনতার। নিপুণ জানান, ‘এবারই প্রথম কোনো শিশুতোষ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। ছবিটির কাজ শেষ করেছি অনেক আগে। আরও আগে ছবিটি মুক্তি পেলে বেশি ভালো লাগত।’ দুটি ছবিতেই নিপুণের সহশিল্পী হিসেবে আছেন ফেরদৌস।