এক মাসের মাথায় ডেমি মুর-ভিটো বিচ্ছেদ!
৫০ বছর বয়সী হলিউডি তারকা অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে প্রেম জমতে না জমতেই তাঁকে ছেড়ে গেলেন ২৬ বছর বয়সী ভিটো স্ন্যাবেল। তাঁর পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কায় মাত্র এক মাসের মাথায় ডেমির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন শিল্পকর্ম কেনাবেচার সঙ্গে জড়িত এ ব্যবসায়ী। সম্প্রতি এক খবরে ডেইলিমেইল জানিয়েছে, ডেমি একটি আন্তর্জাতিক শিল্পমেলায় ভিটোকে সঙ্গ দিতে মিয়ামি গিয়েছিলেন। সেই মেলায় বড় বড় শিল্প সংগ্রাহক উপস্থিত ছিলেন। এমন গুরুত্বপূর্ণ একটি মেলায় পার্টিতে মেতে উঠতে চাইলে ডেমির ওপর প্রচণ্ড বিরক্ত হন কাজে ব্যস্ত ভিটো। এ ছাড়া, ডেমির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই ভিটোকে ছায়ার মতো অনুসরণ করছেন আলোকচিত্রীরা। বিষয়টি তিনি একদমই পছন্দ করছিলেন না। তাঁর মতে, ডেমির সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখলে তাঁর পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হবে। এসব দিক বিবেচনা করে তিনি ডেমির সঙ্গে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নেন। প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা জুলিয়ান স্ন্যাবেলের ছেলে ভিটোর সঙ্গে ডেমির প্রেমের খবর প্রকাশ পায় গত নভেম্বর মাসের শুরুর দিকে। ভারতের যোধপুরে কোটিপতি রুশ প্রেমিক ভ্লাদিমির ডরোনিনের ৫০তম জন্মদিন উদযাপন করেন ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমি ও ভিটো। সেখানে তাঁদের অন্তরঙ্গ মেলামেশা সবার নজরে পড়ে। ভিটোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে নাচতেও দেখা যায় ডেমি মুরকে।