এক মিনিটের ছবি দেখে মুগ্ধ তারা গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের তৈরি এক মিনিটের ভিডিও ছবি দেখে মুগ্ধ হলেন গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির সহসভাপতি এবং মহাত্মা গান্ধীর পৌত্রী তারা গান্ধী ভট্টাচার্য। গত রোববার দুপুরে ঢাকার শ্যামলীতে চিলড্রেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) কার্যালয়ে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতের গান্ধী আশ্রম ট্রাস্টের রবিন দেবনাথ ও রাহা নবকুমার, মুম্বাইয়ের কলেজ অব সোশ্যাল ওয়ার্কের দিব্যায়ন দত্ত। সিটিএফবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর আহ্বায়ক সেলিনা হোসেন এবং নির্বাহী পর্ষদের সদস্যরা।সিটিএফবি কার্যালয়ে তারা গান্ধীকে সম্প্রতি শিশু-কিশোরদের তৈরি এক মিনিটের সাতটি ভিডিও ছবি দেখানো হয়। তিনি নির্মাতাদের কাছ থেকে এসব ছবি তৈরির নানা দিক জানতে চান। ছবির বিষয়বস্তু এবং এ দেশে শিশু-কিশোরদের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন। তারা গান্ধী জানান, এর আগে তিনি আরও একবার বাংলাদেশে এসেছিলেন, সেলিনা হোসেনের অতিথি হয়ে। সেবার নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টসহ দেশের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন। এবার ২ জুন এসেছেন নিজের উদ্যোগে। নিজের কাজ সম্পর্কে তারা গান্ধী বললেন, ‘ভারতে দুস্থ মহিলা ও শিশুদের নিয়ে আমি কাজ করছি। ওদের জন্য আমার সংস্থার ৫০০টি ছোট-বড় কেন্দ্র আছে।’ গতকাল সোমবার তিনি দিল্লি ফিরে গেছেন।