এক যুগ পর আফজাল-সুবর্ণা জুটি
দীর্ঘ এক যুগ পর আবারও জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন বাংলাদেশের টিভি নাটকের সবচেয়ে আলোচিত জুটি আফজাল ও সুবর্ণা মুস্তাফা। রাজধানীর পান্থপথের ইন্টার অ্যাকটিভ শুটিং বাড়িতে ১৩ জুলাই ‘প্রেম বাঁচিতে জানে’ টেলিছবির শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে ১২ বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান তাঁরা। ফারিয়া হোসেনের লেখা ‘প্রেম বাঁচিতে জানে’ টেলিছবিটি পরিচালনা করছেন আরিফ খান। পারিবারিক কিছু মূল্যবোধ নিয়ে ‘প্রেম বাঁচিতে জানে’ টেলিছবির গল্প। গল্পে আফজাল-সুবর্ণা দম্পতির সংসারে হঠাত্ টানাপোড়েন তৈরি হয়। তা-ই নিয়েই এগিয়ে যায় গল্প। টেলিছবিতে আফজাল হোসেন অভিনয় করবেন একজন ব্যবসায়ীর চরিত্রে, আর সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে।আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে আবারও জুটি করার ব্যাপারে পরিচালক আরিফ খান বলেন, বিষয়টা কিন্তু খুব সহজসাধ্য ছিল না। তিন বছর ধরে চেষ্টা করার পর আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে রাজি করানো সম্ভব হয়েছে। অবশেষে আজ (শুক্রবার) সেটা শুটিং করার মধ্য দিয়ে বাস্তবে ধরা দিল। আরিফ খান এও বলেন, ‘আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা কিংবদন্তি জুটি, এ নিয়ে কেউ দ্বিমত করবেন বলে আমার মনে হয় না। এঁদের দুজনকে জুটি করে অভিনয় করানো যেকোনো নির্মাতার জন্য সৌভাগ্যের ব্যাপার।আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা একসঙ্গে জুটি হয়ে অসংখ্য টিভি প্রযোজনায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—‘কূল নাই কিনার নাই’, ‘পারলে না রুমকী’, ‘জোহরা’, ‘ওহ দেবদূত’ ও ‘রক্তের আঙ্গুরলতা’। এ ছাড়া এক যুগ আগে আফজাল ও সুবর্ণা ‘হিতঙ্কর’ নামের একটি নাটকেও কাজ করেছিলেন। তবে সেটিতে তাঁরা জুটি ছিলেন না।বর্তমানে আফজাল হোসেন চ্যানেল আইয়ের জন্য ‘ছোটকাকু’ নামের একটি ধারাবাহিকের কাজ করছেন। অন্যদিকে সুবর্ণা মুস্তাফা নিজস্ব প্রোডাকশন হাউস থেকে দুটি ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক দুটি হচ্ছে ‘গ্রন্থিকগণ কহে’ এবং ‘কানা সিরাজউদ্দৌলা ও কোমলবিবির অতিথিশালা’।আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে এবারের ঈদে একটি নাটকও নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘চিকিত্সক রশীদ করিম ও তাঁর বিবাহ বিষয়ক জটিলতা’ নামের এই নাটকটি পরিচালনা করবেন বদরুল আনাম সৌদ।