এক যুগ পর চলচ্চিত্রে আমজাদ হোসেন

দীর্ঘ চলচ্চিত্রজীবনে হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আমজাদ হোসেন। এর মধ্যে নিজের পরিচালিত সিনেমাই ছিল বেশি। এক যুগ পর বাংলাদেশি চলচ্চিত্রের গুণী এই নির্মাতা নতুন আরেকটি সিনেমায় অভিনয় করলেন। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবির নাম প্রেমী ও প্রেমী।
গত রোববার এফডিসিতে ছবিটির শুটিংয়ে অংশ নেন আমজাদ হোসেন। এদিন তাঁর সঙ্গে আরও ছিলেন ছবির প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।
আমজাদ হোসেন অভিনয় করছেন, খবরটি জানার পর মঙ্গলবার যোগাযোগ করা হলো তাঁর সঙ্গে। ততক্ষণে তিনি পৌঁছে গেছেন কক্সবাজারে। সেখানে এস এ হক অলিকের ঈদ ধারাবাহিক নাটক ভালোবাসা ভালোবাসি-এর শুটিংয়ে ব্যস্ত তিনি। এরই ফাঁকে প্রথম আলোকে আমজাদ হোসেন বললেন, ‘আমি আমার পরিচালনায় নির্মিত সিনেমাতে বেশি অভিনয় করেছি। তবে শেষ কবে কাজ করেছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কমপক্ষে ১৫ বছর হবে এটা নিশ্চিত।’
এত বছর পর কেন চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হলেন? এর উত্তরে আমজাদ হোসেন বলেন, ‘রাজু আমাদেরই ছেলে। সে নতুন ছবির গল্প শোনালে আমার ভালো লেগে যায়। তার চাওয়া ছিল আমি যেন তার পরিচালিত ছবিটির একটি চরিত্রে অভিনয় করি। গল্পটা শুনে আমার ভালো লাগায় শুটিংটা করে ফেললাম।’