এক যুগ পর নতুন যাত্রায় ব্যান্ড ইভস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভস ব্যান্ডের সদস্যরা
ইভস ব্যান্ডের সদস্যরা

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নতুনভাবে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ইভস। শুক্রবার রাত ১১টা থেকে একটা পর্যন্ত এসএ টিভি চ্যানেলে ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’ অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমেই নতুন করে এ যাত্রা শুরু করতে যাচ্ছে ইভস।
এ প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট নাসির বলেন, ‘৯০ দশকের সেই দিনগুলি নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার জন্য আমাকে তাড়া দিত সব সময়। মাঝখানে প্রায় ১৫টি বছর কেটে গেল নিজের একক নিয়ে। এর মধ্যে ২৭টি অ্যালবামের কাজও করলাম। কিন্তু ব্যান্ডের সেই মেলোডি ধারার গানগুলো আমাকে প্রতিনিয়তই পিছু ডাকতো। তাই নতুন করে আবার ইভস ব্যান্ডকে সবার সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম।’
এখন তো সংগীতাঙ্গনের অবস্থা খুবই নাজুক। এ অবস্থায় নতুন করে সেই পুরোনো ব্যান্ডকে নিয়ে আসাটা কতটা ঝুঁকিপূর্ণ হবে, এমন এক প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘খারাপ সময়কে মোকাবিলা না করতে পারলে ভালো সময় আমরা পাব কীভাবে? আমি মনে করি, সংগীতাঙ্গনে ভালো সময় ফিরিয়ে আনার অংশীদারত্ব ইভস রাখে এবং রাখবে।’
ইভসের বর্তমান লাইনআপে আছেন নাসির (ভোকাল), চন্দন (লিড গিটার), বাবু (বেস গিটার), দীপু (ড্রামস), রাজু (কি-বোর্ড) ও মোস্তাক (পারকাশন)।
নব্বইয়ের দশকে ইভস ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো, নীল নয়না, বন্যেরা বনে রয়, ভাঙচুর প্রেম, যাবি রে তবে চলে যা, এই মনটারে ডানা মেলে, কি যেন হারালাম, যদি পৃথিবীর সব আলো ইত্যাদি।