এক যুগ পর নোবেল-মৌ

দেশের মডেলিংয়ের জগতে আলোচিত জুটির নাম নোবেল-মৌ। তাঁদের দুজনকে একসঙ্গে নাটকেও অভিনয় করতে দেখা গেছে। মডেলিং জগতের আলোচিত এই জুটিকে আবারও একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। তাও প্রায় এক যুগ পর, জানিয়েছেন নোবেল। সম্প্রতি নোবেল ও মৌ ‘হাইওয়ে’ নামের একটি নাটকেও অভিনয় করেছেন।
আজ শনিবার সকালে গুলশানের একটি রেস্তোরাঁয় বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন নোবেল ও মৌ। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের নতুন এই বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন কিবরিয়া ফারুকী।
গল্পপ্রধান এই বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে প্রথম আলোকে নোবেল বলেন, এক দম্পতির ভালোবাসা, মান-অভিমান, আবেগ-অনুভূতির ব্যাপারগুলো এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এক যুগ আগে নোবেল ও মৌ জুটি হয়ে একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। এত দিন পর তাঁদের একসঙ্গে পর্দায় দেখার ব্যাপারটি দর্শকেরাও বেশ উপভোগ করবেন বলেই জানালেন নোবেল।
এদিকে বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা কিবরিয়া ফারুকীর সঙ্গে দুপুরে কথা হলে তিনি বলেন, ‘খুব সকালে শুটিং শুরু করেছি। একটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে। অভিজ্ঞ ও পেশাদার শিল্পীদের নিয়ে কাজ করার মজাই অন্য রকম। আমার বিশ্বাস, দর্শক ভিন্নধর্মী কিছু দেখবেন।’
২১ এপ্রিল থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।