এক যুগ পর হলিউডে মাপেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মল টাউনে থাকেন দুই ভাই। একজন মাপেট—ওয়াল্টার, অন্যজন মানুষ—গ্যারি। দুই ভাই, যাকে বলে মানিকজোড়। একে অন্যের ছায়াসঙ্গী। শৈশবে জিম হেনসনের বিখ্যাত ‘দ্য মাপেট শো’ দেখার পর থেকে মাপেটের দারুণ ভক্ত হয়ে যান দুজন। প্রেমের দশ বছর পূর্তি উদ্যাপন করতে প্রেমিকা ম্যারির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটানোর পরিকল্পনা করেন গ্যারি। ভাইকে কি আর রেখে যাওয়া যায়! ম্যারি যতই ওয়াল্টারকে ‘কাবাব মে হাড্ডি’ মনে করুক, ভাইকে সঙ্গে নেবেই নেবে গ্যারি।তিনজনে মিলে একদিন রওনা দেয় লস অ্যাঞ্জেলেসে। এখানেই আছে তাদের স্বপ্নের সেই মাপেট থিয়েটার। ওয়াল্টারের ইচ্ছে, মাপেট থিয়েটার দেখবে। তিনজন মিলে মাপেট থিয়েটার দেখতে এসে আবিষ্কার করে, আগের সেই রমরমা অবস্থা নেই; বরং দেনার দায়ে জর্জরিত মাপেট থিয়েটার। এই অবস্থা থেকে মুক্তি পেতে টেক্স রিচম্যান নামের এক ধনকুবেরের কাছে মাপেট থিয়েটার বিক্রি করে দেওয়া হয়েছে। রিচম্যানের কিন্তু এই মাপেট থিয়েটার নতুন করে গড়ে তোলার কোনো ইচ্ছে নেই; বরং তেল ব্যবসায়ী রিচম্যান জানেন, এই মাপেট থিয়েটারের নিচেই আছে তেলের খনি। থিয়েটার গুঁড়িয়ে দিয়ে সেই খনি থেকে তেল তুলবেন তিনি। রিচম্যানের গোপন এই অভিলাষ ফাঁস হয়ে যায় ওয়াল্টারের কাছে। কিন্তু মাপেট থিয়েটারকে বাঁচানোর একটাই উপায়—যদি ‘দ্য মাপেটস’ এক কোটি ডলার জোগাড় করতে পারে। তাহলে তারা কিনে ফেলতে পারবে মাপেট থিয়েটার।ওয়াল্টার এই কথা গ্যারি আর ম্যারিকে জানায়। তিনজনে মিলে যায় জিম হেনসনের (সিসেম স্ট্রিটের স্রষ্টা, বাংলাদেশের ‘সিসিমপুর’ও সেই আদলে গড়া মাপেট শো) সেই বিখ্যাত চরিত্র ব্যাং কেরমিটের কাছে। কেরমিট বলেন, এক কোটি ডলার জোগাড় করার একটাই উপায়, আবার চালু করতে হবে তাদের শো। বিখ্যাত সব মাপেট চরিত্রকে আবার এক হতে হবে। নানা কাহিনি আর সাসপেন্সের মধ্য দিয়ে চলবে এক কোটি ডলার জোগাড়ের চেষ্টা।এমন কাহিনি নিয়ে বানানো হয়েছে মিউজিক্যাল কমেডি ছবি দ্য মাপেটস। গত ১২ বছরের মধ্যে এই প্রথম মাপেট নিয়ে কোনো ছবি মুক্তি পেল হলিউডে। ডিজনিও ১৫ বছর পর মাপেট ছবি নিয়ে এল। সর্বশেষ ডিজনির ব্যানারে মাপেট ট্রেজার আইল্যান্ড মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।জেমস ববিন পরিচালিত এই ছবি এরই মধ্যে দর্শক-সমালোচক দুই গোত্রেরই মন জিতে নিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই টপচার্টের দ্বিতীয় স্থান দখল করেছিল দ্য মাপেটস। সেটিও টোয়ালাইট সাগা সিরিজের ব্রেকিং ডন শীর্ষে ছিল বলেই। সাড়ে চার কোটি ডলার বাজেটের এই ছবি মুক্তির দিনেই বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ছয় কোটি ডলার! একসঙ্গে সব বিখ্যাত মাপেট চরিত্রকে পাওয়া যাবে এই ছবিতে। শুধু তা-ই নয়, মাপেট-ভক্তদের স্মৃতিকাতর করে দেওয়া বিখ্যাত সব গানও আছে। আর যারা আগে সেভাবে মাপেটের ভক্ত ছিল না, তাদেরও ভক্ত বানিয়ে দেবে এই ছবি।  রাজীব হাসানতথ্য সাহায্য: হলিউড রিপোর্টার