এক যুগে চ্যানেল আই
‘বাংলাদেশে টেলিভিশনের ইতিহাস যখন ৩৪ বছরের, অর্থাৎ তিন যুগের কাছাকাছি, তখন পথচলা শুরু হয় চ্যানেল আইয়ের। আজ যখন বাংলাদেশে টেলিভিশনের ইতিহাস চার যুগ ছুঁতে যাচ্ছে, ঠিক সেই সময় সৃজনশীলতা ও গৌরবের প্রশ্নে এক অনন্য পরিচয় নিয়ে দাঁড়িয়েছে চ্যানেল আই। এখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার প্রশ্নে গণমাধ্যমের ভূমিকার জায়গাটুকুতে দারুণ তৎপর থাকবে চ্যানেল আই।’ এক যুগে পদার্পণ উপলক্ষে কথাগুলো বললেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি আরও বললেন, ‘চ্যানেল আইয়ের শুরুটা হয়েছিল ১৯৯৯ সালের ১ অক্টোবর। বাংলা ইলেকট্রনিক গণমাধ্যমে যা কিছু নতুন, যা কিছু প্রথম—তার পেছনে এক নীরব পথ প্রদর্শকের ভূমিকায় রয়েছে চ্যানেল আই। চ্যানেল আই তার প্রতিটি আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর তাগিদ অনুভব করে। তাই প্রতিটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আসে দর্শকদের অভূতপূর্ব সাড়া—যা একটি গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় অর্জন। একটি গণমাধ্যমই পারে মানুষের স্বপ্নকে বড় করে দিতে, মানুষের চেতনাকে শাণিত করতে, মানুষের খুব কাছাকাছি পৌঁছানোর মূলমন্ত্র দিতে। যে কাজটি করার চেষ্টা করেছে চ্যানেল আই।’ জানালেন, ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণের মুহূর্তে চ্যানেল আই বলছে, ‘প্রতিদিন হাজারো রঙের ভিড়ে লাল-সবুজের বীজ বুনে যাই।’ চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বললেন, ‘১ অক্টোবর এক দশকে পদার্পণ করছে চ্যানেল আই সংবাদ। ২০০১ সালের ১ অক্টোবর চ্যানেল আইয়ের তৃতীয় বর্ষে পদার্পণের মুহূর্তে যাত্রা শুরু করে চ্যানেল আই সংবাদ। চ্যানেল আইয়ের সংবাদ শুরু হওয়ার পর দেশের একাধিক রাজনৈতিক পট পরিবর্তন, বহু ঘটনা, সহিংসতা, ঘূর্ণিঝড়, বন্যা, সিডর ও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রতিকূল ও সংকটময় পরিস্থিতি এসেছে। সব ক্ষেত্রেই সঠিক ও তাৎক্ষণিক তথ্যের জন্য দর্শকদের সবচেয়ে কাছাকাছি থেকেছে চ্যানেল আই।’ প্রতিদিন চ্যানেল আই সংবাদে ১০টি পূর্ণাঙ্গ সরাসরি বুলেটিন ছাড়াও প্রতিঘণ্টায় শীর্ষ সংবাদ প্রচারিত হয়।তিনি আরও বললেন, ‘২০০৪ সালে শুরু হয় কৃষি, অর্থনীতি ও উন্নয়নবিষয়ক নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান হূদয়ে মাটি ও মানুষ। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে কৃষিকে সবাই আলাদাভাবে মূল্যায়ন করে। গণমাধ্যমগুলোতে কৃষি ও গ্রামীণ জনপদকে গুরুত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় চ্যানেল আই ২০০৭ সাল থেকে প্রতিদিনের জাতীয় সংবাদের সঙ্গে যুক্ত করে কৃষি সংবাদ। এখন প্রতিদিন বিকেলে তা আলাদাভাবে প্রচারিত হচ্ছে।’১১ বছরে চ্যানেল আই আয়োজন করেছে অসংখ্য বড় মাপের অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে দুবাই ও শারজায় ‘লাক্স-চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড’, দেশীয় সংগীত প্রতিভা অন্বেষণের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’, শিশুসংগীত প্রতিভা অন্বেষণের ‘মেরিডিয়ান খুদে গানরাজ’, ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’, ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’, ‘চ্যানেল আই কৃষি পদক’, আবৃত্তির মেধা অনুসন্ধানী প্রতিযোগিতা ‘কিউট আবৃত্তি ছন্দে আনন্দে’, ‘ফ্যান ক্লাব টুর্নামেন্ট’, ‘ক্যাম্পাস হিরো’, সৃজনশীল আলোকচিত্রী অন্বেষণের ‘লুমিক্স ক্লিক টু ফেইম’, ফ্যামিলি গেম শো ‘রূপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামিলি’। শিগগিরই আসছে ‘সেরাদের মহাযুদ্ধ’। ফরিদুর রেজা সাগর জানান, বাঙালি জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্বে মেলার আয়োজন করে আসছে চ্যানেল আই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বৈশাখী মেলা, রবীন্দ্র মেলা, নজরুল মেলা, পৌষ মেলা, বিজয় মেলা, বর্ষাবরণ। আরও আছে দিনব্যাপী ‘চলচ্চিত্র মেলা’ এবং সারা দেশের আদিবাসী সম্প্রদায়ের বর্ণাঢ্য জীবন ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কক্সবাজারের সমুদ্রসৈকতে আয়োজন করা হয় ‘আদিবাসী মেলা’।সাগর বললেন, ‘চ্যানেল আই জনপ্রিয় ও মানসম্মত নাটক দর্শকদের উপহার দিচ্ছে। পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্ম থেকে এ পর্যন্ত ৬০টি চলচ্চিত্র নির্মাণ করেছে। এর মধ্যে ২১টি চলচ্চিত্র ২৫টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আমরা এখন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে নির্মাতাদের উদ্বুদ্ধ করছি। এরই মধ্যে লন্ডন, ফ্রান্স ও জেনেভায় আয়োজন করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব।’ জানালেন, ১ অক্টোবর চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয়েছে আট দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। আর তা শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর। এসব আয়োজনের মধ্যে আছে শরৎ উৎসব, বাউল ও গণসংগীতের উৎসব, বরেণ্য শিল্পীদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, গৌতম ঘোষের মনের মানুষ ছবির প্রদর্শনী, নাটক ও গানের অনুষ্ঠান, শিশুমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কিছু।১ অক্টোবর চ্যানেল আই প্রচার করবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটক জলে ভাসা পদ্ম, শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় আলো ছায়ার শ্বেতপত্র এবং চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে ১২ বছরে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করা হবে।