এক যুগেও খোঁজ মেলেনি রবীন্দ্রনাথের নোবেল পদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর ও নোবেল পদক
রবীন্দ্রনাথ ঠাকুর ও নোবেল পদক

২৫ মার্চ ২০০৪, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট। আর দশটা দিনের মতো কর্মচাঞ্চল্যে মেতে উঠেছে শান্তিনিকেতন। যথারীতি ক্লাস করেছে ছাত্ররা। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো খবরটা ছড়িয়ে পড়ল—রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি হয়েছে।
গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে বাঙালির ঘরে প্রথম নোবেল এসেছিল বিশ্বকবির হাত ধরে। পদকটি রাখা হয়েছিল কবির নিজের হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিনিকেতনের বিশ্বভারতী জাদুঘরে। কিন্তু নিরাপত্তার ঢিলেমির সুযোগে বাঙালি হিসেবে পৃথিবীর বুকে প্রথম স্বীকৃতির এই সোপান চিহ্ন নোবেল পদকটি খোয়া যায়। ২০০৪ সালের এই রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উত্তরায়ণের রবীন্দ্র জাদুঘর থেকে রহস্যজনকভাবে ‘নোবেল পদক’সহ চুরি যায় কবির ব্যবহার্য অন্তত অর্ধশত মূল্যবান জিনিস।
মাঝে কেটে গেল ১ যুগ। এই এক যুগেও খোঁজ মেলেনি কবিগুরুর নোবেল পদকটির। এ মধ্যে অনেক তদন্ত, দেনদরবার হয়েছে। লেখালেখি হয়েছে। এ ঘটনা নিয়ে চলচ্চিত্রও হয়েছে। কিন্তু মেলেনি পদক। নিরুপায় হয়ে বিশ্বভারতীর উপাচার্য সুজিত কুমার বসু চোরদের কাছে এমন আবেদনও জানান, ‘ওরা ওই সব মূল্যবান বস্তু আমাদের কাছে ফিরিয়ে দিক ওদের ক্ষমা করে দেয়া হবে। ওদের পরিচয় গোপন রাখা হবে, এটা জাতীয় লজ্জা।’
সম্প্রতি জানা গেল, ভারতের পশ্চিমবঙ্গ সরকার নোবেল-তদন্ত ফের শুরুর উদ্যোগ নিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মামলার নথি-তথ্যপ্রমাণ চাওয়া হবে সিবিআইয়ের (ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা) কাছে। বারো বছর বাদে হঠাৎই গত বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির তদন্ত শুরু করতে আগ্রহ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এমনও বলেছেন, ‘সিবিআই তদন্ত করছে, জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের (সিবিআই) পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই। ওঁর নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না।’
জানা গেছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নোবেল চুরির তদন্ত করবে। সিবিআইয়ের সঙ্গে রাজ্যের কথাবার্তার প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রসঙ্গত, ওই দিন সেখান থেকে চুরি হয়ে গেছে পদক, ‘ওঁ’ লেখা সোনার আংটি, জামার সোনার বোতাম, মৃণালিনী দেবীর শাড়ি, সোনা-বাঁধানো নোয়া, নোবেল পুরস্কারের পদক রুপার রেকাবি, রুপার কফি কাপ, সামুরাই তরবারি, কফি কাপ রাখার তেপায়া, চৈনিক চামুচ, কোবে শহর থেকে পাওয়া হাতির দাঁতের ঝাঁপিসহ আরও ৩৭টি জিনিস।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।