এক রাশির দুই কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার ও রজনীকান্ত
দিলীপ কুমার ও রজনীকান্ত

বছরের শেষ মাসটির অপেক্ষা সবাই বছরের শুরু থেকেই করে। কেউ অপেক্ষা করে আরও একটি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, কেউ আবার অপেক্ষা করে কিংবদন্তির জন্মদিন উদ্‌যাপনের জন্য! হ্যাঁ, ভারতের অনেক সিনেমাপ্রেমীর জন্য এই ডিসেম্বর মাসটি যেন বিশেষ কিছু। কারণ এই মাসে জন্ম নিয়েছেন ভারতের চলচ্চিত্রজগতের কয়েকজন কিংবদন্তি। যাঁদের ভক্তকুলের সংখ্যা যোগ করলে ভারতের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ছাড়িয়ে যাবে। তবে আজ কথা বলব একই রাশির দুই মহাতারকা নিয়ে। তাঁরা হলেন দিলীপ কুমার ও রজনীকান্ত।
১১ ডিসেম্বর বয়স ৯৪ হবে বলিউডের মহাতারকা দিলীপ কুমারের। ১৯২২ সালে জন্ম নেন তিনি। পারিবারিক নাম ছিল মুহাম্মদ ইউসুফ খান। জন্মতারিখ অনুযায়ী ধনু রাশির জাতক তিনি। একই রাশির জাতক ভারতীয় চলচ্চিত্রের আরেক মহাতারকা রজনীকান্ত। তাঁর জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বয়স কদিন বাদেই ৬৬-এর কোটায় পৌঁছাবে। কিন্তু এখনো দিব্যি ২৪-২৫ বছর বয়সী নায়িকাদের নায়ক হয়ে পর্দা মাত করে যাচ্ছেন তিনি। এখনো তিনি নেচে-গেয়ে-মারপিট করে দর্শকের হাততালি জিতেই যাচ্ছেন। পরপর দুই দিন ভারতীয় চলচ্চিত্রের এই দুই মহাতারকার জন্মদিন তাই সিনেমাপ্রেমীদের জন্য কোনো জাতীয় উৎসবের চেয়ে কম নয়। বরং এ বছর তো ধারণা করা হচ্ছে উদ্‌যাপনটা একটু বেশিই হবে। কারণ গত বছর এই দুজনই তাঁদের জন্মদিন উদ্‌যাপন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এমনকি ভক্তদেরও এ দিনটিকে ঘিরে কোনো উচ্চকিত আয়োজন না করার অনুরোধ করেছিলেন। কারণ ছিল, গত বছর এ সময় ভারতের চেন্নাইয়ে ভারী বর্ষণ ও বন্যায় হাজার হাজার মানুষের দুর্ভোগ। চেন্নাইয়ের দুর্যোগকবলিত মানুষদের প্রতি সমবেদনা জানাতেই গত বছর এই দুই তারকাই তাঁদের বিশেষ দিনটি না নিজেরা উদ্‌যাপন করেছেন, আর না ভক্তদের পালন করতে দিয়েছেন। বরং ভক্তদের অনুরোধ করেছিলেন, ‘তোমরা প্রার্থনা করো সবার জন্য।’

দিলীপ কুমার ও রজনীকান্ত দুজনই ভারতের প্রভাবশালী তারকা। এখনো দিলীপ কুমারকে একঝলক দেখতে তাঁর মুম্বাইয়ের বাড়ির সামনে তাঁর জন্মদিনের দিন ভিড় করেন শত শত মানুষ। কিন্তু বার্ধক্যের কারণে এখন আর জনসমক্ষে আসতে পারেন না এই ‘ট্র্যাজেডি কিং’। তবে প্রতি ১১ ডিসেম্বর (গত বছর বাদে) তিনি তাঁর বাড়িতে আয়োজন করেন ভোজের। সেখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ, সালমান, আমির সবাই ছুটে যান। তাঁদের বয়ানে, দিলীপ কুমারের সেই নেমন্তন্ন বলিউডের বর্তমানের এই তারকাদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। তবে এবারও সেই ভোজ হবে কি না, তা নিয়ে এখনো রয়েছে সংশয়। কারণ গত বছর দিলীপ কুমার একটি টুইট করে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সায়রা বানু এখন যেকোনো অনুষ্ঠানের আয়োজন করতে ভয় পান। পাছে এত লোকের সমাগম দিলীপ কুমারের নাজুক শরীরে কোনো প্রভাব ফেলে। সেই টুইটে ঠাট্টা করে দিলীপ কুমার লিখেছিলেন, ‘আগে আমার মা-বোনেরা আমার জন্মদিনের কোনো বড় অনুষ্ঠান করলে ভয় পেতেন। ভাবতেন আমার নজর লেগে যাবে। বিয়ের পর সেই ভয়টা সায়রাকেও পেয়ে বসে। এখন তো ভয় আরও বেড়ে গেছে তাঁর!’

তবে জন্মদিন উদ্‌যাপনে রজনীকান্তের ঢং একেবারেই আলাদা। মূলত দক্ষিণ ভারতে রজনীকান্তের জন্মদিন ঘিরে উন্মাদনা বেশি। সেদিন তামিলনাড়ু রাজ্যে বিরাজ করে উৎসবের আমেজ। শহর সাজে নতুন সাজে, মন্দিরে মন্দিরে হয় বিশেষ প্রার্থনা, জায়গায় জায়গায় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের, ওই দিনটিকে ঘিরে মুক্তি পায় নতুন সিনেমা, গান, অডিও অ্যালবাম! এলাহি কাণ্ড একেবারে। ধারণা করা হচ্ছে, এবারও এর ব্যতিক্রম হবে না। রজনীকান্ত নিজে এই দিনটি পরিবারের সঙ্গে কাটালেও চেন্নাইয়ে তাঁর বাড়ির বাইরে শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া শত শত ভক্তের সঙ্গেও কয়েক মুহূর্ত কাটাবেন তিনি। তা ছাড়া এ বছর তো রজনীর জন্মদিনটা হবে আরও বিশেষ, কারণ তিনি এ মাস থেকেই শুটিং শুরু করেছেন তাঁর রোবট টু ছবির কাজ। তাই উদ্‌যাপন করা হবে এ বছর দ্বিগুণ।

বলে রাখি, এই দুই ধনু রাশির জাতক কিন্তু জীবনের প্রথম ধাপে অনেক চড়াই-উতরাই পেরিয়ে পৌঁছেছেন আজকের অবস্থানে। দিলীপ কুমার অভিনয়ে নাম লেখানোর আগে ভারতের পুনে শহরে ভ্রাম্যমাণ খাবারের গাড়িতে খাবার বেচতেন। অন্যদিকে রজনীকান্ত ছিলেন বাস কন্ডাক্টর। পরে তাঁদের মেধা ও পরিশ্রম ঘুরিয়ে দেয় তাঁদের ভাগ্যের। এ জন্যই এখনো এ দুজন হয়ে আছেন জীবন্ত কিংবদন্তি।

এবার এ মাসেই জন্ম নেওয়া বলিউডের আরও কয়েকজন ধনু রাশির তারকার কথা জানিয়ে রাখি। এ তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র (৮ ডিসেম্বর, ১৯৩৫), শর্মিলা ঠাকুর (৮ ডিসেম্বর, ১৯৪৪) ও রাজকাপুর (১৪ ডিসেম্বর, ১৯২৪)। তা ছাড়া ধনু রাশির না হলেও এই ডিসেম্বরেই জন্ম বলিউডের আরেক বিস্ময় সালমান খানের। তাঁর ৫২তম জন্মদিন আসছে ২৭ ডিসেম্বর।

আদর রহমান

বলিউড হাঙ্গামা, দ্য হিন্দুস্তান টাইমস অবলম্বনে