এক লাইনের চিঠির গল্প শোনালেন সুনীল
খ্যাতিমান কবি, কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে একদিন অদ্ভুত একটি চিঠি এসেছিল। খামের ওপরে কোনো কিছু লেখা নেই। খাম খুলে তিনি দেখলেন, এক লাইনের চিঠি। তাতে লেখা, ‘সবকিছু বাদ দিয়ে আপনি শুধু ছোটদের জন্য লিখতে পারেন না!’ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিন্হা লাউঞ্জে গতকাল বৃহস্পতিবার ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ভিয়েনার আয়না সাহেব-এর প্রকাশনা উৎসবে সুনীল গঙ্গোপাধ্যায় এই গল্প শোনান। অনুষ্ঠানে তিনি ছিলেন বিশেষ অতিথি। বইটির মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাতী গঙ্গোপাধ্যায়, কবি বেলাল চৌধুরী, চলচ্চিত্রকার গৌতম ঘোষ, লেখক আলী ইমাম, প্রকাশক মাজহারুল ইসলাম। সঞ্চালক ছিলেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন। শুধু মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি আয়োজনটি। প্রাণখোলা গল্পেসল্পে এটি পরিণত হয়েছিল জমজমাট আড্ডায়।শুরুতেই সুনীল গঙ্গোপাধ্যায় ঢাকায় এসে তাঁর ভালো লাগার অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘এখানে এলে প্রাণভরে নিশ্বাস নিতে পারি।’ বইটি সম্পর্কে তিনি বলেন, ‘ছোটদের জন্য লেখা চাট্টিখানি কথা নয়। ছোটদের জন্য সময় নিয়ে লিখতে হয়। তাদের ঠকানো যায় না, সেটা উচিতও নয়। লেখক সেই কাজটি করেননি বলে আমার বিশেষ ভালো লেগেছে। সাগরের লেখা দ্রুত চলমান। এ ছাড়া তাঁর ভাষার টান আমাকে মুগ্ধ করে।’হুমায়ূন আহমেদ বলেন, ‘এ দেশের ১০ জন ব্যস্ত লোকের তালিকা করলে সাগরের নাম প্রথম দিকে থাকবে। সাগর ব্যস্ততম মানুষ। লেখার সময় পান কোথায়, এটা ভেবে অবাক হই। এত ব্যস্ততার মধ্যেও তিনি শিশুদের জন্য লিখছেন, তাদের মনের খোরাক জুগিয়েছেন, এটা আনন্দের বিষয়।’ভিয়েনার আয়না সাহেব-এর প্রকাশক অন্যপ্রকাশ; প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ করেছেন শিল্পী হাশেম খান। বইটির পটভূমি ভিয়েনা। সেখানে একটি পরিবারের পাঁচজন সদস্য নিখোঁজ হয়। নিখোঁজ সেই মানুষদের ঘিরে ঘনীভূত হয় রহস্য।সাহিত্যবিশারদের মৃত্যুবার্ষিকীবাংলা একাডেমী গতকাল বৃহস্পতিবার বিকেলে আবদুল করিম সাহিত্যবিশারদের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলা সাহিত্যের ইতিহাস নির্মাণে আবদুল করিম সাহিত্যবিশারদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন মুহম্মদ আবদুল জলিল। আলোচনা করেন আহমদ কবির ও তারেক রেজা। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম চৌধুরী।মূল প্রবন্ধে বলা হয়, ‘আমাদের জাতীয়তার মূল ভিত্তি ভাষা, ধর্ম নয়। আমরা সবাই বাংলাভাষী, তথা বাঙালি। এই সত্যকে হূদয়ে লালন করেই আবদুল করিম সাহিত্যবিশারদ সাহিত্য সাধনা করেছেন।’অনুষ্ঠানের সভাপতি বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন অসাম্প্রদায়িক সাহিত্যের আধুনিক চিন্তাবিদ। তিনি তৎকালীন সাম্প্রদায়িক সংকীর্ণতাকে অতিক্রম করতে পেরেছিলেন। বিশ্বাস করতেন, যিনি বাংলায় কথা বলেন, কেবল তিনিই বাঙালি নন; বাংলাকে যিনি ভালোবাসেন, তিনিও বাঙালি।নজরুল উৎসবনজরুল একাডেমী বছরব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে। উৎসবের আওতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমীর মগবাজারের নিজস্ব ভবনের মিলনায়তনে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।হিন্দোল সংগীত একাডেমির শিল্পীরা ‘প্রথম প্রদীপ জ্বালো’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন। অন্যান্য গানের মধ্যে ছিল ‘আধখানা চাঁদ হাসিছে আকাশে’, ‘ভুল করে যদি ভালোবেসে’, ‘আমি ভাই ক্ষ্যাপা বাউল’, ‘এখনো ওঠেনি চাঁদ’ প্রভৃতি।প্রাণের খেলানিয়মিত মাসিক সংগীতানুষ্ঠানের অংশ হিসেবে বেঙ্গল ফাউন্ডেশন গতকাল আয়োজন করে ‘প্রাণের খেলা’। সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত এ আসরে নজরুলসংগীত ও আধুনিক গান শোনান শিল্পী সুজিত মোস্তফা ও শিমু রানী দে।সুজিত মোস্তফা ‘সুরে ও বাণীর মালা দিয়ে’, ‘তোমার কাজল কেশ’, ‘এই নীল নির্জন’, ‘আমি এত যে তোমায়’, ‘মোর প্রিয়া হবে এসো রানী’, ‘কথা কও থাকিও না চুপ করে’-সহ নজরুলসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন।নবীন শিল্পী শিমু রানী দে শুরু করেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ গানটি দিয়ে। তিনি শোনান ‘এত বড় আকাশটাকে ভরলে জোছনায়’, ‘বিনি সুতোয় গাঁথা মালা’, ‘নদীর যেমন ঝরনা থাকে’ প্রভৃতি গান।যশোরে উদীচীর সম্মেলন শুরুযশোর অফিস থেকে আমাদের প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা শাখার দুই দিনব্যাপী ষোড়শ সম্মেলন শুরু হয়েছে।সম্মেলনের চেয়ারম্যান কাজী আবদুস শহীদের সভাপতিত্বে উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম। ‘সাথীদের খুনে রাঙা পথে পথেই দেখ, হায়েনার আনাগোনা সইব না’—এই স্লোগানে যশোর জেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করা হয়। পরে অশোক সেন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।