এক শর মধ্যে উনত্রিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকে কখনো বলা হয়নি। আজ মিতা চৌধুরী শোনাচ্ছেন না-বলা সে রকম একটি ঘটনা

নিজের সম্পর্কে একটি তথ্য দিয়ে শুরু করি, আমি খুব সহজেই হাসতে পারি। কিন্তু এখন বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন জানি না হাস্যরসগুলো যেন কমে যাচ্ছে। কমে গিয়েছে বটে, তবে হাসির কাহিনিগুলো একদম তলানিতে তো ঠেকেনি! এই জীবনে কত কত স্মৃতি আছে হাস্যরসমাখা! ছোটবেলার কাহিনি দিয়ে যদি শুরু করি, তবে অবশ্যই বলতে হবে আমার অঙ্কে লাড্ডু পাওয়ার কাহিনি।

খুব বেশি হলে আমার বয়স তখন আট বছর। পড়তাম সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে। তিন ভাইবোনের মধ্যে আমি ছিলাম ছোট। থাকতাম পুরান ঢাকার মাহুতটুলীতে। আমরা সব ভাইবোনই বড় হয়েছি আম্মার কড়া শাসনে। ছোটবেলা থেকেই অঙ্ককে যমের মতো ভয় পাই আমি। শৈশবে অঙ্কে পাস নম্বর তোলার জন্য আমার সে কী কসরত!

আমার আট বছর বয়সে একবার হলো কি, স্কুলে আমাদের প্রথম সাময়িক পরীক্ষার ফল ঘোষণা হলো। আমাদের স্কুলের নিয়ম ছিল, ফল ঘোষণার পর ফলাফল সংবলিত রিপোর্ট কার্ডটি বাড়িতে অভিভাবককে দিয়ে স্বাক্ষর করাতে হবে। তো, সেবার অঙ্কে আমি ভয়াবহ নম্বর পেয়েছিলাম—অনেক সাধ্যসাধনা করে ১০০-এর মধ্যে ২৯! কিন্তু বিপদ হলো, ২৯ আসলে ফেল নম্বর, আমি ফেল্টুস। আমার ছোট মন বলছে, ফেল করার কারণে আম্মার হাতে ব্যাপক পরিমাণে উত্তমমধ্যম খেতে হবে। এখন রিপোর্ট কার্ডটি তাঁকে কীভাবে দেখাই! আকাশ-পাতাল ভেবে ভেবে আমার ঘাম ছুটে যাওয়ার জোগাড়। অবশেষে বুদ্ধি খুলল। অবশ্য বুদ্ধি না বলে একে কুবুদ্ধি বলাই ভালো। মনে হলো, রিপোর্ট কার্ডটি আম্মাকে দেখানোর কী দরকার, তাঁর সইটি আমি করলেই তো ল্যাঠা চুকে যায়!

আমার আম্মার নাম নূর আখতার বানু। বিভিন্ন কাজে সই-স্বাক্ষর দেওয়ার সময় তিনি নিজের নামটি স্পষ্টভাবে লিখতেন। ফলে আমি ভাবলাম, আম্মার সই জাল করব, এ আর এমন কি!

কিন্তু রিপোর্ট কার্ডে আম্মার নাম সই করতে গিয়ে আমার শুরু হলো অন্য এক ফাঁপর—যতবার স্পষ্টভাবে তাঁর নামটি লিখতে যাই, দেখি কেমন বাঁকাত্যাড়া হয়ে যাচ্ছে! ফলে নামটি ঠিকভাবে লিখতে গিয়ে কয়েক দফা মোছামুছি করতে হলো। ওদিকে এই মোছামুছির ফলে রিপোর্ট কার্ডটির অবস্থা তখন কাহিল। তবে সে সময় সেদিকে আমার খেয়াল নেই—আম্মার স্বাক্ষর জাল করতে পেরেছি, এই আনন্দে আমি তখন আত্মহারা। অবস্থা এমন, যেন পৃথিবী জয় করে ফেলেছি! এবার টিচারের হাতে কার্ডটি কোনোমতে গছিয়ে দিতে পারলেই বাঁচি।

তবে যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয়—রিপোর্ট কার্ডটি হাতে নিয়ে অভিভাবকের স্বাক্ষরের দিকে তাকিয়েই সন্দেহভরা চোখে টিচার বললেন, না, এই সই তো তোমার মায়ের নয়, সইটি তুমি নিজেই দিয়েছ। এর শাস্তি হিসেবে তুমি তোমার মাকে স্কুলে নিয়ে আসবে।

টিচারের এই কথায় আমার তো থরহরিকম্প অবস্থা। শেষের কাহিনিটুকু এবার সংক্ষেপে বলি : হ্যাঁ, আম্মাকে স্কুলে নিয়ে আসতে হয়েছিল আমাকে। টিচারের মুখে সব শুনে আম্মা ভয়ংকর রকম ‘শানটিং’ দিলেন আমায়—মার একটাও মাটিতে পড়ল না। এ ঘটনায় মতি ফিরেছিল আমারও। নিজের ভুল বুঝতে পেরেছিলাম আমি।

l অনুলিখন : আলতাফশাহনেওয়াজ