এক সন্ধ্যায় মনীষার সঙ্গে
বলিউড অভিনেত্রী, নেপালের রাজনৈতিক পরিবারের সন্তান ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) শুভেচ্ছা দূত মনীষা কৈরালা চার দিনের সফরে ঢাকায় এসেছেন। এবারই প্রথম বাংলাদেশে এসেছেন তিনি। সঙ্গে এসেছেন তাঁর বাবা প্রকাশ কৈরালা ও মা সুষমা কৈরালা। চার দিনের এ সফরে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়া এবং সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছেন তিনি। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার বিসিক মিলনায়তন এবং উত্তরা ক্লাবে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন মনীষা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেই কথা হলো তাঁর সঙ্গে।এবারই প্রথম বাংলাদেশে এলেন?হ্যাঁ, আমার সঙ্গে বাবা-মাও এসেছেন। অন্য রকম একটা আনন্দ পাচ্ছি। চিত্রশিল্পী মুস্তাফিজুল হকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই বাংলাদেশে আসা। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষগুলোকে খুব আপন মনে হয়েছে। বাংলাদেশে কোন কোন অনুষ্ঠানে অংশ নিয়েছেন?বাংলাদেশে এসেছি সোমবার রাত পৌনে আটটার দিকে। এসেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিই। মঙ্গলবার ইচ্ছে ছিল সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়াব। কিন্তু নানা কারণে সেটা আর সম্ভব হয়নি। তবে সন্ধ্যায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনুষ্ঠানটি কেমন উপভোগ করেছেন?শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানটা দারুণ উপভোগ করেছি। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। লোকগান এবং বিভিন্ন ধরনের নৃত্য আমাকে বেশ আনন্দ দিয়েছে। এ ছাড়া কোরিয়ার শিল্পীদের পরিবেশনা বেশ উপভোগ্য ছিল। অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত এবং শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন।আপনি বাংলাদেশে এসেছেন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। এ ব্যাপারে আপনি আগ্রহী হলেন কেন?সুন্দরবন সম্পর্কে আমি বাংলাদেশের মানুষজনের কাছেই সব শুনেছি। তা ছাড়া বাংলাদেশ ও ভারত আমার খুব কাছের দুটি দেশ। সুন্দরবন বাংলাদেশ ও ভারতের বড় অংশজুড়ে রয়েছে। এটা জানার পর সুন্দরবনের ব্যাপারে আমার আগ্রহ বেড়ে যায়। এভাবেই সুন্দরবনকে পৃথিবীর সপ্তাশ্চর্য নির্বাচনে এগিয়ে নেওয়ার প্রচারণায় নিজেকে জড়িয়ে ফেলেছি। আপনি একজন নেপালি নাগরিক।... আসলে সুন্দরবন সম্পর্কে এখানকার কিছু মানুষের কাছে এত গল্প শুনেছি, তাতে অন্য রকম ভালোলাগা তৈরি হয়েছে। সেটাকে দেশের গণ্ডিতে বেঁধে রাখাটা কোনো অবস্থাতেই ঠিক বলে আমি মনে করি না। এটা অবশ্যই একটা দায়িত্ব। আপনারা নিশ্চয় জানেন, আমি ১৯৯৯ সাল থেকে জাতিসংঘের জনসংখ্য তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি। এ ছাড়া নারী অধিকার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত আছি। তারই ধারাবাহিকতায় সুন্দরবনের প্রচারণার সঙ্গে যুক্ত হওয়া। ইদানীং বলিউডে আপনাকে কিছুটা অনিয়মিত দেখা যাচ্ছে। কেন?খুব একটা যে অনিয়মিত, তা কিন্তু নয়। অল্প কয়েকটি ছবিতে কাজ করছি। আমার অভিনীত কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়ও রয়েছে। গত বছর জুন মাসে বিয়ের পর দুটি নতুন ছবিতে কাজ করেছি। এ ছাড়া শিগগিরই মুক্তি পাবে তামিল ভাষার একটি ছবি, মাপপিল্লাই। তবে এটা ঠিক যে বিয়ের পর অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে গেছি। অভিনয় কমিয়ে এখন ছবি পরিচালনার দিকে মনোযোগ দিচ্ছি। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি। সামনে আমাকে অভিনয়ের চেয়ে পরিচালনার কাজে বেশি দেখা যাবে। আপনার পরিবারের অনেকেই নেপালে রাজনীতির সঙ্গে জড়িত।...রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়ার কারণে অনেকেই মনে করে, ভবিষ্যতে হয়তো আমিও রাজনীতির সঙ্গে নিজেকে জড়াব। কিন্তু এটা নিয়ে আমার আপাতত কোনো ভাবনা নেই। তবে ভবিষ্যতে কী হবে, সেটা এখনই বলতে পারছি না।তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কী নিয়ে? ছোটবেলায় আমি চিকিৎসক হতে চেয়েছিলাম। কিন্তু একসময় মডেলিংয়ে সঙ্গে যুক্ত হই, পরে বলিউডের ছবিতে কাজ শুরু করি। বলিউডকে ঘিরেই আমার সব ব্যস্ততা শুরু হয়। পরিকল্পনা করে আমার কখনোই কিছু হয়নি। কাজ করছি, কাজ করে যাব। সেটাই আমাকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের কোনো চলচ্চিত্র দেখেছেন?বাংলাদেশের ছবির ব্যাপারে আমার কিছু ধারণা আছে। দু-একজন পরিচালক তাঁদের ছবিতে কাজ করার জন্য আমাকে অনুরোধ করেছেন। তবে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আপনাকে ধন্যবাদ।আপনাদেরও ধন্যবাদ। আর বাংলাদেশের সবাইকে আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে।